জয়পুরহাটে যান চলাচল বন্ধের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের কালাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা না হলে ১ ডিসেম্বর থেকে জয়পুরহাট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। গত শনিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস গত শুক্রবার চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী ছিলেন। তিনি ঢাকার চান্দুরা থেকে বাসে ওঠেন। কিছুক্ষণ পর তিনি জানান, এক সহযাত্রীকে ফেলে এসেছেন। বাসটিকে ফিরিয়ে নিয়ে যেতে বললে সুপারভাইজার তা না করে পরের স্টেশনে অপেক্ষা করেন এবং হানিফ পরিবহনের পরের বাসে আসতে বলেন। এতে ইউপি চেয়ারম্যান খেপে যান। রাত ১০টার দিকে বাসটি পুনট বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে চেয়ারম্যানের লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের সুপারভাইজার ও চালককে মারধর করে। সুপারভাইজার কলমতর আলীকে আহতাবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ব্যাপারে কালাই থানায় একটি মামলা করা হয়েছে।