জয়পুরহাটে রথযাত্রা উদ্যাপন
বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে ১৬ প্রহরব্যাপী রাধা গোবিন্দের লীলা রস, শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা গত শনিবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাটে চার দিনব্যাপী গ্রামীণ মেলা ও হরিবাসরের আয়োজন করা হয়।
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দা গ্রামে ওই রথযাত্রা অনুষ্ঠিত হয়। গত শনিবার চান্দা কালীমন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথযাত্রায় জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নারী-পুরুষেরা রথের রশি টেনে ৫০০ গজ দূরে ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। আট দিন পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
রথযাত্রা ও হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি সর্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি সুধাংশু কুমার মণ্ডল বলেন, এক যুগ ধরে রথযাত্রা ও গ্রামীণ মেলা এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এই রথযাত্রায় অংশ নেন। ১২ বছর আগে বাঁশের তৈরি রথ দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগত অর্থায়নে লোহার চার চাকাবিশিষ্ট রথটি তৈরি করা হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নাগরদোলা, মিষ্টি, বাচ্চাদের খেলনা, মাটির হাঁড়ি-পাতিল, বাঁশের তৈরি গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র বেচাকেনা হচ্ছে। দিনাজপুরের ফুলবাড়ী থেকে আসা ব্রজেনচন্দ্র মণ্ডল বলেন, রথযাত্রা উপলক্ষে তাঁরা প্রতিবছর জয়পুরহাটের চান্দা গ্রামে আসেন এবং রথযাত্রায় অংশ নেন।
প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অনুসারে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।