জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার
জয়পুরহাটে বিডিআর বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়েরকৃত মামলাটি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করলে আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার ৩ নম্বর রাইফেলস ব্যাটালিয়নে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি জয়পুরহাট ক্যাম্পের বিডিআরের কিছু সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের চেষ্টা ও সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এবং সরকারকে বৈধ কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ওই বছরের ১১ মে জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলাটি পরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠান মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক।গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহারের আবেদন করলে জেলা ও দায়রা জজ শফিউর রহমান মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। পাশাপাশি যেসব বিডিআর সদস্যের নামে অন্য কোনো মামলা নেই, তাঁদের মুক্তির আদেশ দেন।এ আদেশের ফলে জয়পুরহাট বিডিআরের ছয় সদস্য মুক্তি পাবেন। তাঁদের মধ্যে দুজন হলেন সিপাহি আক্তারুজ্জামান ও সিপাহি জাবেরুল ইসলাম। তাঁদের চার মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছিল। অপর চারজন হলেন আসাদুজ্জামান, জামাল উদ্দীন, আনিসুর রহমান ও হাফিজুর রহমান। তাঁদের ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছিল। ২০১০ সালের ২৩ ডিসেম্বর সাজা হওয়ায় তাঁদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই তাঁরা মুক্তি পাবেন।জয়পুরহাট জেলা কারাগারের কারাধ্যক্ষ শহীদুল ইসলাম জানান, জেলা জজের আদেশ কারাগারে পৌঁছালে যাঁদের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই এবং যাঁদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাঁরা মুক্তি পেতে পারেন।