জয়পুরহাটে র‍্যাবের 'বন্দুকযুদ্ধে' নিহত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম সাফিনুল ইসলাম ওরফে সাফিন (৩২)। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়াজন্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাফিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রামে। তাঁর পরিবারের অভিযোগ, সাফিনকে ২৮ দিন আগে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তবে পরিবারের এ অভিযোগ নাকচ করেছে র‍্যাব।
জয়পুরহাট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫-এর অধিনায়ক মেজর হাসান আরাফাতের ভাষ্যমতে, দাদড়াজন্তি গ্রামে মামুন পেট্রলপাম্পের অদূরে পরিত্যক্ত একটি চাতালে সাফিনসহ একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে রাত তিনটার দিকে র‍্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ সাফিনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করে র‍্যাব।
মেজর হাসান আরাফাত বলেন, সাফিনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
সাফিনের বড় ভাই নাফিজুল ইসলাম ওরফে সুমন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল চত্বরে প্রথম আলোকে বলেন, ২৮ দিন আগে র‍্যাব তাঁর ভাই সাফিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বলে তাঁরা জানতে পারেন। গতকাল বুধবার সকাল সাতটার দিকে লোকমুখে জানতে পারেন সাফিন র‍্যাবের গুলিতে নিহত হয়েছেন। তাঁর মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরও বলেন, ২০০৫ সালে তেঘর রেল ঘুমটি এলাকায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাঁর ভাই গ্রেপ্তার হয়ে দীর্ঘ নয় বছর কারাগারে ছিলেন। নয় বছর পর জামিন পেয়ে তিনি পলাতক ছিলেন।
সাফিনকে ২৮ দিন আগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁর ভাইয়ের দাবি নাকচ করেছেন মেজর হাসান আরাফাত। তিনি বলেন, এ দাবি মোটেই সত্যি নয়।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ২০১৫ সালের ৫ মে সিরাজুল হত্যা মামলায় অন্য চার ব্যক্তির সঙ্গে সাফিনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, সাফিন একটি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড পাওয়ার পর দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।