জয়পুরহাটে শুরু হচ্ছে চারুকলা উৎসব
জয়পুরহাটে আজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী চারুকলা উৎসব-২০১৬। শহরের অদূরে জয়পুরহাট তেঘর উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে হবে একটি আর্ট ক্যাম্প এবং পরে ওই ক্যাম্পে অংশগ্রহণকারীদের আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী।
আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে জেলার ২৫টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষকসহ দেড় শ শিক্ষার্থী ছবি আঁকা দেখবে ও শিখবে। পরদিন পরদিন বুধবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।
ক্যাম্পে শিল্পীদের আঁকা তিন দিনের চিত্রকর্মগুলো ১৮ মার্চ থেকে প্রদর্শিত হবে। এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম।
উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমিনুল হক বলেন, ১৫-১৯ মার্চ পর্যন্ত চলা এ উৎসবে যোগ দেবেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বারক আলভী, মাহমুদুল হক, শিশির ভট্টাচার্য্যসহ দেশের বরেণ্য ২৫ শিল্পী।