জয়পুরহাটে শোবার ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামে গতকাল শুক্রবার স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের শোবার ঘর থেকেই লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।
ওই দম্পতি হলেন আবদুল হামিদ (৪৮) ও নাসিমা আখতার পারভিন (৪২)। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে ওই দম্পতির ছেলে রাকিব হাসান (১৪) জানালা দিয়ে বাবাকে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতর দেখতে পায়।
ছেলেটির চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে। পরে খবর দেওয়া হলে সদর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল হামিদ সদর উপজেলার মাধাই নগর বাজারে মুদির দোকান করতেন এবং তাঁর স্ত্রী নাসিমা আখতার পারভিন স্বামীকে সাহায্য করতেন।
আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম জানান, এ দম্পতির দাম্পত্য কলহ মেটাতে তিনি একবার সালিস বৈঠকও করেছিলেন। সেখানে মীমাংসাও করে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে তাঁরও ধারণা, দাম্পত্য কলহের কারণে স্ত্রীকে হত্যা করে তাঁর স্বামী আত্মহত্যা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রায়হান হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত আবদুল হামিদের ছোট ভাই জামিল হোসেন সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার পর
আবদুল হামিদ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টি জানা যাবে।