জয়পুরহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল ইউনিয়নের হালট্টি গ্রামে গত রোববার জামায়াত-শিবিরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আসমা
বেগম (৫০)।
আসমা ইউনিয়নের দস্তপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক আবু সালেহর স্ত্রী। এ নিয়ে রোববার সংঘর্ষের ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সদর উপজেলার হালট্টি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলাকালে আসমা গুলিবিদ্ধ হন। তাঁকে রোববার রাতে বগুড়ার শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। বগুড়ায় ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে নিজ গ্রাম
দস্তপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আসমা বেগমের ভাগনে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমির মামুনুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, আসমা শহর থেকে তাঁর অসুস্থ স্বামীর ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময়
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনি আহত হন। আসমা জামায়াতের কর্মী ছিলেন বলে তিনি দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বগুড়ায় ময়নাতদন্ত শেষে তাঁর লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।