জয়পুরহাটে সন্ত্রাসী হামলায় নিহত ১ আহত ৫
জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় জুয়েল ওরফে কালা জুয়েল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জুয়েলের পাঁচ সঙ্গী গুরুতর জখম হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী জুয়েল (৩০), টুটুল (২৯), সাদ্দাম (২৭), রব্বানী (৩০), পারভেজ (৩০), খায়রুল (২৯) শুক্রবার রাতে শহরের নতুন হাট এলাকার একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকেই গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে জুয়েলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর পাঁচজনকে বগুড়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুয়েলের বাড়ি পৌর এলাকার দেবীপুর গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল গতকাল জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত জুয়েলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ সাতটি এবং আহত টুটুলের বিরুদ্ধে একটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।