জয়পুরহাটে সাত ইউপি সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ছয়জন চেয়ারম্যান ও পাঁচটি ইউনিয়নের সাতটি ওয়ার্ডের সাতজন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই সব ইউনিয়নের দায়িত্বে থাকা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তারা গতকাল মঙ্গলবার তাঁদের নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার নয়টির মধ্যে ধলাহারে ফয়েজ উদ্দিন, দোগাছিতে জহুরুল ইসলাম, মোহাম্মদাবাদে আতাউর রহমান, পুরানাপৈলে খোরশেদ আলম, আমদই ইউনিয়নে শাহানুর আলম ও বম্বু ইউনিয়নে মোল্লা সামছুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে বম্বু, চকবরকত, দোগাছি, ভাদসা ও আমদই ইউনিয়নের সাতটি ওয়ার্ডের সাতজন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন বম্বু ইউপির ৪ নম্বর ওয়ার্ডে খায়রুল আলম ও ৫ নম্বর ওয়ার্ডে আবদুল আউয়াল। দোগাছি ইউপির ৯ নম্বর ওয়ার্ডে আইয়ুব হোসেন, ভাদসার ৮ নম্বর ওয়ার্ডে মুন্না পারভেজ ও আমদই ইউপির ২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম ও ৭ নম্বর ওয়ার্ডে আবদুল মাজেদ। বিনা ভোটে নির্বাচিত এই সাতজন আওয়ামী লীগদলীয় নেতা-কর্মী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব জানান, জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগদলীয় ছয়জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে পাঁচটি ইউনিয়নের সাতটি ওয়ার্ডের সাতজন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের নির্বাচিত ঘোষণা করে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা প্রজ্ঞাপন জারি করেছেন।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাতজন ইউপি সদস্য আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী।