জয়পুরহাটে সাবেক সাংসদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সাংসদ গোলাম মোস্তফাসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সদর থানায় গত শুক্রবার রাতে ওই মামলা করেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুনজুরে মওলা।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মুনজুরে মওলা শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সদর থানায় ওই মামলা করেন। মামলায় নতুন কমিটির সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) সাবেক সাংসদ গোলাম মোস্তফা, নতুন কমিটির ১ নম্বর সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সদর রাস্তাসংলগ্ন ফয়সল আলীমের চাতাল থেকে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে এসে জয়পুরহাট প্রধান সড়কের রেলগুমটিসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে কার্যালয় পুড়ে দেন। এ সময় ওই কার্যালয়ে থাকা খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমানের ছবি টেনে ছিঁড়ে ফেলে পদদলিত করা হয়। অগ্নিসংযোগ করায় কার্যালয়ে থাকা মূল্যবান আসবাব, টেলিভিশন, বৈদ্যুতিক পাখাসহ কাগজপত্র পুড়ে যায়। এতে ১ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, অনেক দিন আগে জেলা বিএনপির সম্মেলন হয়। ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে জেলা কমিটির আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে মোজাহার আলী প্রধানকে সভাপতি ও নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৬ জনের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরে জেলা বিএনপি ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করবে বলেও কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নতুন কমিটিতে নাফিজুরকে সম্পাদক করায় বিএনপির একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন একাংশের নেতা-কর্মীরা। ওই মামলার আসামিরা গোলাম মোস্তফা ও ফয়সল আলীমের অনুসারী বলে জেলা বিএনপির একাংশের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন।
তবে গোলাম মোস্তফা মুঠোফোনে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, জেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা সংস্কারপস্থী নতুন সম্পাদক নাফিজুরকে মেনে নিতে পারছেন না। এ কারণে তাঁরা কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল করছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে নাফিজুরের অনুসারীরা দলীয় কার্যালয়ে আগুন দেন।