জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী নজরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদ গতকাল বুধবার ওই রায় দেন। রায়ের পরপর নজরুলকে পুলিশ পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, আক্কেলপুরের দুলালী গ্রামের নাজমা বেগমকে (২৮) শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও গলা কেটে ২০১২ সালের ৩০ অক্টোবর হত্যা করা হয়। পরদিন নজরুলের বাড়ির পাশের ধানখেত থেকে নাজমার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাজমার বড় ভাই আজিজার রহমান ২০১২ সালের ৩১ অক্টোবর নজরুলসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
জেলার ক্ষেতলালের দেওগ্রামের বাসিন্দা নাজমার বড় ভাই আজিজার বলেন, নজরুল গরু চুরিসহ অন্যান্য ছোটখাটো চুরি করতেন। এ নিয়ে তাঁর বোন নাজমা প্রতিবাদ করতেন। এ কারণে নাজমাকে পরিকল্পিতভাবে নজরুল হত্যা করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, এসআই আবদুর রহিম মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৩১ আগস্ট শুধু নজরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদ গতকাল নজরুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।