জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার দুপুরে কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের সড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু্জন।

নিহত ব্যক্তিরা হলেন কালাই থানার আওড়া গ্রামের আজিজার রহমান (৪৫) ও একই উপজেলার ধাপশিকটা গ্রামের গৃহবধূ ওসনা আরা বেগম (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বেলা তিনটার দিকে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহত অবস্থায় রিকশাভ্যানের যাত্রী আজিজার ও ওসনা আরাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে ওসনা আরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অন্যদিকে আজিজার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, আহত অপর দুই যাত্রীও রিকশাভ্যানের যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।