জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী নামক স্থানে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত দুজনের বাড়ি ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে। তাঁরা হলেন আবদুল মাবুদ ওরফে হাইবত (৩২) ও তাঁর স্ত্রী জেসমিন আরা (২৫)।
ক্ষেতলাল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলী নামক স্থানে জয়পুরহাটগামী বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় লোকজন দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আরাকে মৃত ঘোষণা করে তাঁর স্বামী মাবুদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে মাবুদের মৃত্যু হয়।
নিহত দম্পতির চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি পুত্রসন্তান রয়েছে। মাবুদ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ক্ষেতলালের মাঝিয়াস্থল গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।