জয়পুরহাটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এই চার আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মজিদ আজ সোমবার ওই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আনোয়ার হোসেন (৩২)। আর মনোয়ার হোসেন (২৫), স্বপন (২২) ও মিঠুকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মনোয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনের ছোট ভাই। তাদের সবার বাড়ি পৌর এলাকার পাটারপাড়া মহল্লায়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর এলাকার তসলিম উদ্দীনের ছেলে জিয়াউল হাসান সুমন ২০১৩ সালের ২৩ জুন খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আকতার বাদী হয়ে ওই চারজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ওই চারজনের বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় ঘোষণার সময় মামলার বাদী ও নিহতের স্ত্রী মেরিনা আকতার আদালতে উপস্থিত ছিলেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান।