জয়পুরহাটে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের একটি হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আবদুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের ধারকী মণ্ডলপাড়া গ্রামের মৃত আবদুল কাদের মণ্ডলের ছেলে ওয়াজেদ আলী (৫৪), তাঁর দুই ছেলে আনু (২০) ও আবু হাসান (২৫), একই গ্রামের মোবারক আলীর দুই ছেলে চৈতুন মোল্লা (৪৩) ও ছাফাদুল (৩৮), মৃত আবদুল কাদের প্রামাণিকের ছেলে মছির উদ্দিন (৪৮), মৃত মোক্তার আলীর ছেলে মুন্টু (৩০)।

মুন্টু আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মাহবুব আলম (২৫)। মামলার অন্য আসামি ওই গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে মন্তাজ উদ্দিন (৫১) মামলা চলাকালে মৃত্যুবরণ করেন।

মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী মণ্ডলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুল মতিনকে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আবদুল মতিনের বড় ভাই শাহ আলম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নয়জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ৩০ মার্চ ওই নয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় দেন।

রায়ে আরও তিনটি ধারায় আসামিদের জরিমানা করে অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

মামলার বাদী শাহ আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি এ রায়ে খুশি। অবিলম্বে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর হলে তাঁর ছোট ভাই আবদুল মতিনের আত্মা শান্তি পাবে।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল, আইনজীবী মোস্তাফিজুর রহমান ও আবদুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও নন্দকিশোর আগরওয়ালা।