জয়পুরহাটে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি অসুস্থ হয়ে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার তাঁর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির নাম বিপ্লব হোসেন (২৮)। তিনি ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের গোলাহার গ্রামের বাসিন্দা।
জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে কারাগারে থাকা আসামি বিপ্লব হোসেন অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক আতাউর রহমান বলেন, বিপ্লব হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ আল মামুন খান বলেন, বিপ্লব ক্ষেতলাল থানার একটি হত্যা মামলায় কারাবন্দী ছিলেন।