জয়পুরহাটে ২০ সরকারি ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাটে ২০টি সরকারি ভবনের নির্মাণকাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে উদ্বোধন করা ১২টি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৮ কোটি ৩৬ লাখ ৬ হাজার ১৪ টাকা এবং ভিত্তি স্থাপন করা ৮টি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা ভবনগুলোর মধ্যে জয়পুরহাটের প্রধান বিচারিক হাকিমের আদালত ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং ভিত্তি স্থাপন করা ভবনগুলোর মধ্যে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট আব হেলথ টেকনোলজি ভবন, মঙ্গলবাড়ি এম এম ডিগ্রি কলেজ, আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজ, পাঁচবিবি মহিলা কলেজের একাডেমিক ভবন উল্লেখযোগ্য।