জয়পুরহাটে ২৫ অক্টোবর শুরু হচ্ছে গণসংগীত উৎসব
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বৃহত্তর বগুড়া জেলা গণসংগীত উৎসব। ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ এ স্লোগান সামনে রেখে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এবার ওই উৎসবের আয়োজন করা হয়েছে।
গণসংগীত সমন্বয় পরিষদ সূত্রে জানা গেছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের ওই উৎসব উদ্বোধন করার কথা রয়েছে। এ ছাড়া উৎসবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ও গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্ব করার কথা রয়েছে। বৃহত্তর বগুড়ার দুই জেলার ১০টি গণসংগীত দল ছাড়াও ঢাকার গণসংগীত শিল্পীরা ওই উৎসবে অংশ নেবেন।
গতকাল বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উৎসব আয়োজনের কথা তুলে ধরেন ‘বৃহত্তর বগুড়া জেলা গণসংগীত উৎসব’ উদ্যাপন কমিটির আহ্বায়ক আমিনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের উৎসবে গণসংগীত শিল্পীদের পাশাপাশি আবৃত্তি ও নৃত্যশিল্পীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বৃহত্তর বগুড়া জেলা গণসংগীত উৎসব উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বাক তৌফিক হাসান, বগুড়া থিয়েটারের উপদেষ্টা শাহ মো. আখতারুজ্জামান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মীর্জা আহছানুল হক ও আবদুল্লাহেল কাফি, সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাহেদ ফাররোখ, জয়পুরহাট শান্তিনগর থিয়েটারের সভাপতি মিজানুর রহমান, বগুড়া নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, খেলাঘর আসর জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।