জয়পুরহাটের এসপিকে বাধ্যতামূলক অবসর
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) এ কে এম মাসুদুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ সূত্র জানায়, এ সপ্তাহেই মাসুদুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ আসে। আদেশ পাওয়ার পর গতকাল বুধবার তিনি জয়পুরহাট থেকে বিদায় নেন।জানা গেছে, এ কে এম মাসুদুল আলম জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে ২০০৮ সালের ১৮ এপ্রিল জয়পুরহাটে যোগ দেন। এর আগে ফরিদপুর জেলায় এসপির দায়িত্বে থাকা অবস্থায় পুলিশে লোক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।জয়পুরহাট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, গত ৩ জুন মাসুদুল আলমকে জয়পুরহাট পুলিশ লাইন থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু তিনি পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার আগেই তাঁর কাছে বাধ্যতামূলক অবসরের আদেশ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পুলিশের একটি সূত্র জানায়, ৫ জুন এসপি মাসুদুল আলমের কাছে একটি ফ্যাক্সবার্তা আসে। সম্ভবত ওই ফ্যাক্সবার্তায় বাধ্যতামূলক অবসরের আদেশ ছিল।