জয়পুরহাটের চার ইউপিতে বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ধলাহার ও দোগাছিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয়ী হতে চলেছেন। এ ছাড়া জামালপুর ও পুরানাপৈল ইউপিতে বিএনপির কেউ মনোনয়নপত্র জমা দেননি।
ধলাহার ইউপির বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হোসেন বলেন, বিভিন্ন মহলের চাপ ও ভয়ভীতির কারণে জীবনের ঝুঁকি এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
জামালপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বলেন, গত সোমবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে নির্বাচন অফিসের অদূরে কয়েকজন যুবক জোর করে তাঁর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে প্রার্থী না হওয়ার জন্য বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি পরপর দুবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েও এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপি নির্বাচনে ৩১ মার্চ ভোট নেওয়া হবে। এ ধাপে গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
ধলাহারে ফয়েজ উদ্দিন ও দোগাছিতে জহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। জামালপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসানুজ্জামান মিঠু ও মোর্শেদ আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। পুরানাপৈলে আওয়ামী লীগ মনোনীত খোরশেদ আলম এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান শফিউল আলম ও নিখিল চন্দ্র মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাতেম আলী মণ্ডল, বিএনপির ইসমাইল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোহাম্মদাবাদে আওয়ামী লীগের আতাউর রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম ও নার্গিস হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বম্বুতে আওয়ামী লীগ মনোনীত মোল্লা সামছুল আলম, বিএনপির এনামুল হক এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম কিবরিয়া ও আতাউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। আমদই ইউনিয়নে আওয়ামী লীগের শাহানুর আলম, বিএনপির বর্তমান চেয়ারম্যান গোলাম রব্বানী এবং স্বতন্ত্র হিসেবে জামায়াত নেতা শাহ আলম ও জাফর ইকবাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চকবরকতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী, বিএনপির আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র হিসেবে মুকুল সরকার ও মামুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান বলেন, সরকারদলীয় নেতা-কর্মীরা প্রচণ্ড চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়ায় জীবনের নিরাপত্তার অভাবে তাঁদের দলীয় চারজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। যাঁরা দাখিল করেছেন, তাঁরাও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, এ নিয়ে সংশয় রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, তাঁদের দলের কোনো নেতা-কর্মী বিএনপি অথবা অন্য প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলে বাধা বা ভয়ভীতি দেখাননি। বিএনপি তো পাঁচটিতে প্রার্থী দিয়েছে। অন্য চারটিতে যাঁরা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁরা হয়তো নির্বাচন করতে আগ্রহী নন।