জয়পুরহাটের সীমান্ত দিয়ে ঢুকছে মাদক
উত্তরাঞ্চলের সীমান্তজেলা জয়পুরহাট দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাচারের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভারত থেকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে মাদক এনে পাচারকারীরা সড়ক ও রেলপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। ২০০৯ সালের মে থেকে এক বছরে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা ৪৭ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ২১০ লিটার তরল ফেনসিডিল, ৭২ কেজি গাঁজা, ছয় হাজার ৫৫০ অ্যাম্পল প্যাথেড্রিন ইনজেকশন, ৯৭০ বোতল মদ, ১২ হাজার ৪৯২টি যৌন উত্তেজক স্যানোগ্রা ট্যাবলেট আটক করে। এ ছাড়া পুলিশও কিছু মাদক আটক করেছে। এ সময়ে ২০৪ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। র্যাব-৫ ও পুলিশ সূত্র জানায়, জয়পুরহাট, নওগাঁর ধামইরহাট; দিনাজপুরের হিলি ও হাকিমপুরের বিশাল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে মাদকদ্রব্য আসছে। এসব মাদকের অধিকাংশই ফেনসিডিল, নেশা জাতীয় এবং যৌন উত্তেজক ওষুধ পাচারকারীরা যাত্রীবাহী বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়ি, কাভার্ড ভ্যান, রিকশাভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে পাচার করছে। পুরুষের পাশাপাশি নারী ও কিশোর-কিশোরীদেরও মাদক পাচারের কাজে ব্যবহার করছে চোরচালানিরা। নিত্যনতুন কৌশল অবলম্বন করে বেশির ভাগ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে তারা মাদক পাচার করছে। সূত্র জানায়, ভারত থেকে জয়পুরহাটের ভুঁইডোবা, উঁচনা, ঘোনাপাড়া, কয়া, চেঁচড়া, গোপালপুর, ত্রিপুরা, হাটখোলা, সোনাতলা, কল্যাণপুর, হাঁড়িরপুকুর ও বাসুদেবপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ফেনসিডিলসহ অন্যান্য মাদক চোরাচালানিরা বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে পাচার করছে।এদিকে জেলায় মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ হাই বলেন, ‘দীর্ঘদিন ধরে জয়পুরহাট মাদক পাচারের রুট হিসেবে ব্যবহূত হওয়ায় এখানকার অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে চিন্তিত।’ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মিজানুর রহমান জানান, জেলার আদালতগুলোয় মাদক চোরাচালানের অনেক মামলা রয়েছে। কিন্তু মামলার দুর্বল তদন্ত ও সাক্ষীর অভাবে অনেক সময় আসামিরা খালাস পেয়ে যায়। এরপর তারা আবারও মাদক চোরাচালানে জড়িয়ে পড়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, মাদক ঠেকাতে মহল্লায় মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করে সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।