জয়পুরহাটের স্কুলছাত্রী এখনো অচেতন
ঘটনার ২৭ দিন পরও অচেতন রয়েছে জয়পুরহাটের কালাইয়ের সেই স্কুলছাত্রী। গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নিজ ঘরে ধর্ষণের শিকার হওয়া মেয়েটি দুর্বৃত্তের হামলায় মাথায় গুরুতর আঘাত পায়।
ওই ঘটনায় কালাই থানায় করা মামলার তদন্তে গতকাল বুধবার পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
অচেতন অবস্থায় মেয়েটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন। ৪ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে এখানে স্থানান্তর করা হয়েছে। ২৫ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
গত মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটির চোখ খোলা। কিছুক্ষণ পরপর জোরে জোরে চিৎকার করছে। কর্তব্যরত চিকিৎসক বলেন, মেয়েটির এখনো জ্ঞান ফেরেনি, অবস্থাও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এত দিনে শারীরিক অবস্থার যতটুকু উন্নতি হওয়া উচিত ছিল, তা-ও হয়নি।
ওই চিকিৎসক বলেন, মেয়েটির মধ্যে ধর্ষণ-পরবর্তী প্রভাব কাজ করছে। এ জন্য মানসিক চিকিৎসকের পরামর্শও নেওয়া হচ্ছে। তাকে নলের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে।
এর আগে চিকিৎসকেরা বলেছিলেন, আঘাতে মেয়েটির মস্তিষ্কের চারপাশের পর্দা ছিঁড়ে গেছে, টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া চোয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছাত্রীটির মা এইচডিইউর সামনে পাটি বিছিয়ে বসে থাকেন আর চিকিৎসক দেখলেই ছুটে যান মেয়ের অবস্থা জানতে। তিনি বলেন, ‘কবে যে আমার মা হুঁশ পাবে। সে আশায় এখানে বইসে থাকি, নড়ি না। চিকিৎসার খরচ মেটাতে ঋণের পরিমাণ বাড়ছে।’
ঘটনার পরদিন মেয়েটির চাচা কালাই থানায় মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা চারজন বর্তমানে কারাগারে আছেন। তাঁরা ওই ছাত্রীর প্রতিবেশী।
গতকাল রাত আটটার দিকে তদন্ত কর্মকর্তা কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ বলেন, তদন্তে এখনো সে রকম কিছু পাওয়া যায়নি।