জয়পুরহাটের কালাইয়ে দুর্বৃত্তের হামলায় আহত স্কুলছাত্রীর জ্ঞান চার দিনেও ফেরেনি। গতকাল সোমবার দুপুরে মাথায় অস্ত্রোপচার শেষে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। ছাত্রীটির ফুফা রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। জ্ঞান ফিরতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।’
গত শুক্রবার রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত হয় নবম শ্রেণির ওই ছাত্রী। তার পরিবারের ধারণা, দেয়াল টপকে এসে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানে না পরিবার। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শনিবার মেয়েটির চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালাই থানায় মামলা করেন। এ মামলায় গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা নিশ্চিত হতে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। চিকিৎসক বলেছেন, তিন দিন পর এর ফল জানা যাবে।
অস্ত্রোপচারকক্ষে ওই ছাত্রীকে নেওয়ার আগে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেলের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে আছে ১৫ বছর বয়সী মেয়েটি। মাথাজুড়ে ব্যান্ডেজ, চোখে-মুখে আঘাতের চিহ্ন; বাঁ চোখে কালো গভীর দাগ। তার হাত ধরে বসে আছেন মা। মা বলেন, ‘আমার মেয়েটির জন্য দোয়া করবেন।’
শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক অসিত চন্দ্র সরকার বলেন, স্কুলছাত্রীর মাথায় শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতটি গভীরে না ঢুকে চেপে আছে। এ জন্য আঘাতটি মস্তিষ্কে না লেগে তালুতে লেগেছে।
দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে দেখতে শিশু ওয়ার্ডে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তার খোঁজখবর নিয়ে বের হয়ে তিনি বলেন, ‘মানবাধিকার সুরক্ষায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, ব্যর্থ হচ্ছি। মেয়েটির সঙ্গে যা হয়েছে, নিঃসন্দেহে ন্যক্কারজনক ঘটনা। এতে তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তদন্তের নামে কালক্ষেপণ করা চলবে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
রাত নয়টার দিকে যোগাযোগ করা হলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় করা মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা চলছে। দুটি টিম এখনো মাঠে রয়েছে। শিগগির অপরাধী গ্রেপ্তার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেয়েটির পরিবারের সদস্যরা বলেছেন, দুই কক্ষের বাড়ির একটিতে রাতে একাই ঘুমাত মেয়েটি। পাশের কক্ষে থাকেন মা-বাবা ও ছোট দুই ভাই। শনিবার ভোরে ওই ছাত্রীর মা ঘুম থেকে উঠে মেয়েকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।