জয়পুরহাটের ৯১ জন চালকল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানে সরকারের কাছে চাল বিক্রি না করায় এবং নির্ধারিত সময়ের মধ্যে চাল বিক্রিতে চুক্তিবদ্ধ না হওয়ায় জয়পুরহাটের ৯১ জন চালকল মালিকের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হচ্ছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় জেলা প্রশাসক গত ১৯ আগস্ট জেলার ১০৪ জন চালকল মালিকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। তাঁদের মধ্যে ৬৮ জন চালকল মালিক চাল সরবরাহে কোনো চুক্তি করেননি এবং ৩৬ জন মিলমালিক চুক্তি করার পরও চাল সরবরাহ করেননি। নোটিশে কেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে বলা হয়। এ জন্য তিন দিনের সময় বেধে দেওয়া হয়। মিলমালিকেরা কারণ দর্শানোর জবাব দিলেও জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এক-দুদিনের মধ্যে তা পাঠানো হবে। তবে নোটিশ পাওয়ার পর চুক্তিবদ্ধ ৩৬ জনের মধ্যে ১৩ জন চালকল মালিক চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহ করায় তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধান-চাল সংগ্রহের শেষ দিন গত ৩১ আগস্ট পর্যন্ত জয়পুরহাটে ২২ হাজার ৪৩৫ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ১৫০ মেট্রিক টন। ধান সংগ্রহ হয়েছে মাত্র ৩১৩ মেট্রিক টন। অথচ লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৩২৭ মেট্রিক টন।জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রকিব জানান, জয়পুরহাটে নিবন্ধনকৃত ৪৭১টি চালকল রয়েছে। এর মধ্যে যেসব মিলমালিক সরকারের কাছে চাল সরবরাহ করেননি, তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন জেলা প্রশাসক। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।জেলা চালকল মালিক সমিতির সভাপতি কে এম লায়েক আলী জানান, পুঁজি ও শ্রমিক-সংকটের কারণে তাঁরা চুক্তি করতে পারেননি। অন্যরা চুক্তি করলেও সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বাজারমূল্য বেশি হওয়ায় চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেননি।