জয়পুরহাট-বগুড়া সরাসরি বাস চলাচল বন্ধ
বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়া-জয়পুরহাট সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছেন৷ জয়পুরহাট বাস টার্মিনাল দখল করে মেলার নামে জুয়া-হাউজি চালানোর প্রতিবাদে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে৷
বগুড়া মোটরমালিক গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক বলেন, প্রায় দুই মাস ধরে জয়পুরহাট বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস বের করে দিয়ে সেখানকার শ্রমিক ইউনিয়নের নেতারা মেলার নামে জুয়া-হাউজি চালাচ্ছেন। এতে প্রতিদিন গাড়ি চালিয়ে বগুড়ার মালিকদের যেটুকু আয় হচ্ছে, তা জুয়ার আসরে শেষ করে আসছেন এখানকার শ্রমিকেরা। বিষয়টি জয়পুরহাটের শ্রমিকনেতাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে মালিক-শ্রমিক একজোট হয়ে জয়পুরহাটের সঙ্গে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন শেখ হেলাল বলেন, ‘জুয়া–হাউজি ছাড়াও জয়পুরহাটের শ্রমিকেরা বগুড়ার মালিকদের ছয়টি দূরপাল্লার বাস কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিয়েছেন। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জয়পুরহাটের সঙ্গে বগুড়ার বাস চলাচল বন্ধ থাকবে।’
জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শামিমুল হুদা চৌধুরী বলেন, টার্মিনাল দখল করে দুই মাস ধরে শ্রমিকেরা জুয়া-হাউজি চালাচ্ছেন। এতে কয়েক শ গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে। মালিকেরা নিরাপত্তাহীনতার মধ্যে গাড়ি রাখলেও শ্রমিকেরা বিষয়টি আমলে নিচ্ছেন না।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন আলী বলেন, হাইকোর্টের রিটের কাগজপত্র নিয়ে এসে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বাস টার্মিনালে মেলা চালাচ্ছেন। জেলা প্রশাসন মেলার কোনো অনুমতি দেয়নি। আদালতের অনুমতি থাকায় মেলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।