জয়পুরে এখনো আতঙ্কিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষমারি বিল। বিলের এমন নামকরণের কারণ জানা গেল না। সবুজে ঘেরা এই বিলেই পাওয়া গিয়েছিল ইদ্রিস আলীর লাশ। বিলের পাশের গ্রাম জয়পুর। সৌম্য-শান্ত গ্রাম জয়পুরেই ইদ্রিসের বাড়ি।
বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় ২৭ অক্টোবর রাতে। ২৯ দিন পর ২৬ নভেম্বর বিলের মাঝখানে পাওয়া গেল তাঁর মৃতদেহ। কারা তাঁকে খুন করেছে—এ নিয়ে কিছু বলতে নারাজ তাঁর পরিবার। তাঁর ছেলে রাজু আহমেদ বলেন, আমার আব্বার নেশা ছিল সাংবাদিকতা করা। তিনি মনিরামপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পল্লীকথায় কাজ করতেন। মুক্তিযুদ্ধের চেতনায় ছিল তাঁর বিশ্বাস। আওয়ামী লীগের একজন নিরীহ সমর্থক মাত্র। তাঁকে কারা নিজেদের শত্রু মনে করতে পারে, তা সবার জানা আছে।
একটি হত্যা ও অনেক তাণ্ডবের পর জয়পুরে এখনো আতঙ্কিত মানুষ। মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সবচেয়ে বড় এ গ্রামের মানুষের দিন-রাত কাটে আতঙ্কের মধ্যে। এই জয়পুর গ্রাম থেকেই মনিরামপুরজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব ছড়িয়ে পড়েছে। ২২ মার্চ ভোরে পুলিশ জয়পুরে মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে গেলে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে প্রচার করা শুরু হয়। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উসকানিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় শ্রমিক আনিছুর রহমান নিহত হন। ওই ঘটনায় নারী-পুরুষ, পুলিশসহ আহত হন আরও ৩৫ জন।
২২ মার্চ পুলিশ চলে যাওয়ার পর সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের চার শতাধিক কর্মী লোহার রড, শাবল, কুড়াল ও লাঠি এবং পেট্রলভর্তি বোতল ও গানপাউডার নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে ঝাঁপিয়ে পড়েন। ৭১টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেন।
এখনো ওই গ্রামে জামায়াত একাধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে। স্থানীয় এক ভাড়ায় মোটরসাইকেল- চালকের সহযোগিতায় গতকাল মঙ্গলবার ওই গ্রামে যাই আমরা। সাংবাদিক পরিচয় না দিতে আগে থেকেই সতর্ক করে দেন মোটরসাইকেলচালক।
ঘটনার তিন দিন পর ২৫ মার্চ দুপুরে সরেজমিনে জয়পুর গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে জামায়াত-শিবিরের বীভৎসতার চিহ্ন দেখা গিয়েছিল। সেই চিহ্ন এখন আর নেই। তবে মনের দাগ মোছেনি মানুষের। অনেকে এখনো গ্রামছাড়া হয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জয়পুরের এক বাসিন্দা জানান, গ্রামের ৩৪টি পরিবার গ্রামে নেই।
স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. আলী হোসেন বলেন, ২২ মার্চের পর প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মী ও সংখ্যালঘু হিন্দুদের ওপর নানা কায়দায় নির্যাতন চালানো হচ্ছে।
সহিংসতার বিষয়ে জানতে স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া যায়নি। তবে কথা হয় ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি জি এম মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আগে কিছু সহিংসতা ঘটলেও এখন জয়পুর শান্ত। আমি নিজে এসব ঘটনার আগে-পরে কোনো কিছুতেই ছিলাম না। অথচ আমাকেই ১৭টি মামলায় আসামি করা হয়েছে।
সংশোধনী: গতকালের প্রথম আলোয় উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরীবপুরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নয়টি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার খবরটি সঠিক নয় বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। তাদের দাবি, গরীবপুরে বিএনপির কার্যালয়সহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা বাড়িগুলো তাদের নেতা-কর্মীদের।