জয়বাবা এবার শ্রীঘরে
বিআরটিএর সব কর্মকর্তার সিলই রয়েছে তাঁর কাছে। তাঁর বাড়িটিই যেন একটি আস্ত বিআরটিএ অফিস। গতকাল বুধবার সকালে গাড়ির জাল কাগজপত্র, পোস্ট অফিসের স্লিপ ইত্যাদি তৈরির সব রকম উপকরণসহ ‘জয়বাবা’ নামে পরিচিত এক জালিয়াতকে গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ওরফে জয় (৪০) দীর্ঘদিন ধরে নিজের বাসায় বসেই বিআরটিএর বিভিন্ন ধরনের কাগজপত্র তৈরি করে আসছেন। জাল কাগজ তৈরির দক্ষতার জন্য তিনি পরিচিতি পেয়েছেন ‘জয়বাবা’ নামে। নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন।মিরপুর ২ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাসা থেকে গাড়ির জাল ব্লুবুক, বিআরটিএর কাগজপত্র জাল করার কাজে ব্যবহূত ৫৯টি সিল, প্রিন্টার, কম্পিউটার ইত্যাদি উদ্ধার করেছে পুলিশ।গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে নজরুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। নজরুল ইসলাম জানান, ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর পাস করেন তিনি। একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। এক বছর ধরে তিনি জালিয়াতির ব্যবসায় নেমেছেন। গাড়ির নকল ফিটনেস সার্টিফিকেট, ব্লুবুক ইত্যাদি তৈরি করে দেন তিনি।সংবাদ সম্মেলনে পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, মেধাবীরা যখন এসব অবৈধ কাজে জড়িয়ে পড়েন, তখন সমাজের জন্য তা অত্যন্ত খারাপ ফল বয়ে আনে।এদিকে পৃথক অভিযানে মিরপুর থানার পুলিশ ১১০৭ পূর্ব মণিপুর থেকে ইব্রাহিম নামে জাল নোট তৈরি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ২১ হাজার ৯০০ টাকার জাল নোট পাওয়া গেছে।