
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসনের সাবেক সাংসদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা, জাতীয় পার্টির শেখ মো. জাহির আলী, জাসদের (ইনু) আমিনুল ইসলাম, জাসদের (আম্বিয়া) সালেহীন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জয়া সেনগুপ্তা বেলা আড়াইটায় দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় সাংসদ মহিবুর রহমান মানিক ও আবদুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্য প্রার্থীরা জেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। পরে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তা।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ, ভোট গ্রহণ ৩০ মার্চ।