জয়িতা অন্বেষণে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি ২০১৪ মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাজশাহী সরকারি কলেজিয়েট হাইস্কুল প্রাঙ্গণে রাজশাহী বিভাগের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। এই ক্রোড়পত্রে জয়িতাদের সাফল্যগাথা প্রকাশিত হলো।

রাজশাহী অঞ্চলের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে সংবর্ধিত জয়িতারা
রাজশাহী অঞ্চলের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে সংবর্ধিত জয়িতারা

একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগটির নাম ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’। জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী; ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী; ৩. সফল জননী নারী; ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী; ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগভিত্তিক জয়িতা বাছাই কাজটি পরিচালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাছাইয়ের কাজে সম্পৃক্ত ছিলেন। রাজশাহী বিভাগে ইউনিয়ন পর্যায় থেকে ক্যাটাগরিভিত্তিক মনোনীত এক হাজার ৪৪১ জন জয়িতার মধ্যে উপজেলা পর্যায়ে ৩২৬ জন, জেলা পর্যায়ে ৪০ জন ও বিভাগীয় পর্যায়ে পাঁচজন জয়িতাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর মনে করে, জয়িতারা বাংলাদেশের বাতিঘর। জয়িতাদের দেখে অন্য নারীরা অনুপ্রাণিত হলে ঘরে ঘরে জয়িতা সৃষ্টি হবে। আর তা হলেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

সাথী রানী
সাথী রানী

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে যে নারী ঘুরে দাঁড়িয়েছেন
জীবন কোনো পোশাকি প্রদর্শন নয়। এখানে সংকট তীব্র। ঝুঁকি ছাড়া কোনো অর্জন হয় না। সফলতার কোনো সরল পথ নেই। কেউ যদি দূরদর্শী হয়, আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হয়, সমাধান আছে—এমন ধারণা নিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে সে কাজটি পারবেই। এমনই একজন সহসী নারীর প্রতীক সাথী রানী।
জন্ম থেকেই সাথী রানীর একটি পা নেই। জীবনযাপনকে চরম কষ্টকর করে তুলেছে দারিদ্র্য। সাথী নিজের চেষ্টাতেই দশম শ্রেণী পর্যন্ত পড়ে ফেলেন। ভিটেমাটি বিক্রি করে মা-বাবা তাঁকে বিয়ে দেন। স্বামী ছিলেন মাদকাসক্ত। স্বামীর সংসারে একটি ছেলে হয় সাথীর। যৌতুকের জন্য দিনের পর দিন অমানুষিক নির্যাতন করতেন স্বামী। কিন্তু থেমে থাকে না সাথীর পথচলা। ২০০৪ সালে সাথী এসএসসি পাস করেন। তাঁর মাদকাসক্ত স্বামী নির্যাতন করে তাঁকে ঘর থেকে বের করে দেন। এতে তিনি আরও আত্মবিশ্বাসী হন। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। সাথী সারা দিন টিউশনি করেন। কলেজে ভর্তি হন। সংসার চালান। খুব ইচ্ছে ছিল জীবনে প্রতিষ্ঠিত হবেন। আবার স্বামীর ঘরে ফিরে আসার। কিন্তু পাষণ্ড স্বামী তাঁকে ছেড়ে দেন। ভীষণ কষ্ট পান সাথী। কিন্তু ভেঙে পড়েন না। তিনি হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে দেখেন একজনের হাত নেই। কিন্তু পা দিয়ে সব কাজ করছে। তাহলে তিনি কেন পারবেন না? সাথী অনেক কষ্ট করে সেলাই শেখেন। টিউশনির জমানো টাকা দিয়ে একটি পুরোনো মেশিন কেনেন। এর আয় দিয়ে আরও একটি মেশিন কেনেন। মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে একটি মেশিন পান। সাথী এখন নিজে স্বাবলম্বী।
গ্রামের দরিদ্র নারী-পুরুষদের সেলাই প্রশিক্ষণ দিয়ে তাঁদেরও স্বাবলম্বী করছেন। তিনি কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চান। সাথী কম্পিউটারের কাজ জানেন। ব্যাংকে তাঁর ডিপিএস হিসাব আছে। ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছেন। সাথী নিজে উচ্চশিক্ষিত হতে চান। সন্তানকেও উচ্চশিক্ষিত করতে চান। আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে চান প্রতিবন্ধী নারীদের। নারীরা নারী হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মানিত হোক, এটাই সাথীর প্রত্যাশা। সাথী রানী কি বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংসের কথা জানতেন? যিনি পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন। অথচ জীবনের সবকিছু করেন হুইলচেয়ারে বসে? সাথী আমাদের বাংলাদেশের স্টিফেন। কবি কাজী নজরুল ইসলাম নারীর সৃষ্টির ক্ষমতা দেখেছেন। তাঁর ভাষায়—
‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।

রওশনারা
রওশনারা

সফল জননী যে নারী
মাত্র পাঁচ মাস বয়সে বাবা মারা যান। মুক্তিযুদ্ধে স্বামীকে হারান। তিন সন্তান নিয়ে দুঃস্বপ্নের মতো পথ চলা শুরু। তিনি নিজেও জানেন না এ পথের শেষ কোথায়। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পড়ালেখার স্বপ্ন পূরণ হয়নি। নিজের স্বপ্ন দেখেছেন সন্তানদের মধ্যে। তিন সন্তানকে নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়েন। হেরে যেতে চান না জীবনের সংগ্রামে। জয়ী তাঁকে হতেই হবে। এটি এক সাহসী সফল জননী রওশনারার জীবনের গল্প । সামাজিক প্রতিবন্ধকতার জন্য স্কুলে যেতে পারেননি। কিন্তু লেখাপড়া করা তাঁর প্রবল ইচ্ছে। বেগম রোকেয়ার মতো বাড়িতেই পড়ালেখা শুরু করেন। এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েন। খুব শৈশবে, বয়স যখন ১১-১২, তখন রওশনারার বিয়ে হয়। পাকিস্তানি বাহিনীর হাতে স্বামী নিহত হন। তাঁর জীবনের সব ভাবনা ছিল সন্তানদের নিয়ে। নিজের সুখের কথা একবারও ভাবেননি। সন্তানদের মধ্যেই জীবনের সমস্ত সুখের ছায়া দেখেছেন। তাই আর দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি।
একটার পর একটা লড়াই করতে হয়েছে রওশনারাকে। স্বামীর সংসারে টিকে থাকার লড়াই। টাকাপয়সা সংগ্রহের লড়াই। সন্তানদের মানুষ করার লড়াই। স্বামীর মৃত্যুর পর কোনো আর্থিক সঞ্চয় ছিল না। কেবল মাথা গোঁজার একটি ছোট্ট ভিটে, সাড়ে তিন বিঘা কৃষিজমি। এই নিয়ে শুরু করেছেন জীবনযুদ্ধ। বাবা ও একমাত্র ভাই মারা যাওয়ায় বাপের বাড়ি থেকেও সাহায্যের কোনো সুযোগ ছিল না। ছোট ছেলে এসএসসিতে রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দেয়। আটটি বিষয়ে লেটার মার্কস পান। সম্মিলিত মেধা তালিকায় ২০তম স্থান অধিকার করেন। তাঁর এক ছেলে প্রকৌশলী, এক ছেলে সেনা কর্মকর্তা এবং মেয়ে স্কুলশিক্ষিকা।
কথাপ্রসঙ্গে রওশনারা বলছিলেন, ‘আসমান-জমিন যদি কাগজ হয়, বৃক্ষলতা যদি কলম হয়, তার পরও আমার কষ্টের কথা লিখে শেষ করা যাবে না।’ সত্যিই তাই। রওশনারা বাঙালি নারীদের ধৈর্য, সাহস ও শক্তির প্রতীক। জীবনযুদ্ধে তিনি জয়ী হয়েছেন। তিনি একজন সফল জননী। একজন জয়িতা।

পুষ্প রানী
পুষ্প রানী

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী
মানুষকে প্রথমে নিজের জন্য করতে হয়। আবার সবাই নিজের জন্য করলে মানুষ হিসেবে তার পরিচয় থাকে না। তাই অন্যের জন্যও করতে হয়। এমনই এক মহীয়সী নারী পুষ্প রানী, যিনি সারা জীবন অন্যের জন্য করেছেন। মুক্তিযুদ্ধের সময় স্বামীর মৃত্যু হয়। চারটি সন্তান নিয়ে জীবনের সংগ্রাম শুরু হয় পুষ্প রানীর। অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেন। এর মধ্যে তাঁর দুই সন্তানের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর শোক ভুলতে চেয়েছিলেন সন্তানদের বুকে নিয়ে, কিন্তু সন্তানের মৃত্যু তাঁকে দিশেহারা করে তোলে। অদম্য সাহসী পুষ্প রানীর সামনে এগিয়ে চলা থেমে থাকে না।
পুষ্প রানী হতদরিদ্র। কিন্তু সমাজ উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরন্তর কাজ করছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সহযোগিতায় নিজ উপজেলার কাগটিয়ায় সমাজ উন্নয়নমূলক কাজ করছেন। এখানে সাইনবোর্ড থেকে পোতাহার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সরকারি রাস্তার পাশে গাছ লাগিয়েছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ও ঔষধি গাছ। এই ৭৫ বছর বয়সেও তিনি সমাজের উন্নয়নের কাজ করছেন। এখন তিনি রাজশাহী, গোদাগাড়ী বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছ লাগান ও পরিচর্যা করছেন। এসব গাছের মধ্যে রয়েছে, আম, জাম, মেহগনি, আকাশমণি, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি। তিনি নিজের হাতে-কলমে গ্রামের দরিদ্র শিশুদের লেখাপড়া শেখান। নিজের বাড়িতে ব্র্যাকের সহযোগিতায় একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। এখানে ৩১ জন শিশু শিক্ষা লাভ করছে।
দারিদ্র্যের কাছে হার না মেনে স্বামী-সন্তান হারিয়েও এই নারী কাজ করে যাচ্ছেন নিরবধি। তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি দেশের বাতিঘর।

রহিমা বেগম
রহিমা বেগম

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
জন্মের পর তাঁকে কোলে তুলে নেননি স্বয়ং তাঁর মা। অপরাধ, সে কন্যাসন্তান। জন্ম থেকেই শুরু হলো রহিমার পৃথিবীতে টিকে থাকার সংগ্রাম। রহিমার বিয়ে হয় শৈশবে। ১১ বছরের রহিমাকে ঢেঁকিতে ধান কোটা, ধান সেদ্ধ, জাঁতায় আটা পেষা, গোয়ালঘর পরিষ্কার করা, গরুর খাবার দেওয়াসহ সংসারের কঠিন কাজ করতে হয় প্রতিদিন। এর ওপর ছিল শাশুড়ির বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতন।
একসময় নিজের ও স্বামীর চেষ্টায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। বিরতিহীনভাবে পড়ে তিনি এসএসসি পাস করেন। আবার নিজের ইচ্ছাশক্তির বলে তিনি এইচএসসি পাস করেন। স্বামীর মত না থাকায় পরিবার পরিকল্পনায় চাকরি করতে পরলেন না। জীবনযুদ্ধে পরাজিত হননি রহিমা। এবার তিনি একটি এনজিওতে চাকরি নেন।
তিনি ‘দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি’ নামে নারীদের একটি সংগঠন করেন। এখানে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নারী উন্নয়নের কাজ করেন। তা ছাড়া নারীদের আত্মনির্ভরশীলতা অর্জনে হাতে-কলমে সেলাই, মোমবাতি, মৎস্য চাষসহ একাধিক আয়মুখী উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই উদ্যোগে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায়। তিনি ঝরে পড়া পথশিশুদের নিয়ে গড়ে তোলেন ফুলকুড়ি শিশু একাডেমি। একাডেমিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তিনি সামাজিক দায়বদ্ধতা অনুভব করেন। এ বোধ থেকে বাল্যবিবাহ বন্ধ, যৌতুক ও নারী নির্যাতনে সর্বদা ভূমিকা রাখেন। রহিমা তাঁর সংগঠনের মাধ্যমে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে ৭৫ জন নারীকে ক্ষুদ্র ঋণের আওতায় আনেন। সাতজন নারীকে সেলাই মেশিন প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ৯৫০ জন নারীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করেন। ২৭৮টি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রদান করেন। এনজিও ফোরামের মাধ্যমে এলাকায় বিশুদ্ধ পানির জন্য ২০টি টিউবওয়েল প্রদান করেন। তিনি উইমেন্স লিডারশিপ স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। রহিমা তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন। রহিমা বেগম তাঁর শ্রম, সাধনা আর আত্মবিশ্বাসের মাধ্যমে তৃণমূল থেকে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনসংগ্রামে জয়ী হয়েছেন। বাংলার নারীসমাজকে জীবনসংগ্রামে জয়ী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। তিনি এ দেশের নারীদের পথপ্রদর্শক।

যাচিন্তা মূর্মূ
যাচিন্তা মূর্মূ

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যে নারী
যাচিন্তা মূর্মূ সীমাহীন প্রতিকূলতার মধ্যেও নিজের অদম্য ইচ্ছা, চেষ্টা ও শ্রম দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই বোন ও এক ভাইয়ের সংসারে তিনি বড়। দারিদ্র্যের জন্য পরিবারে থাকা ও লেখাপড়া করতে পারেননি। তিনি একটি মিশনে থাকতেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন। প্রাথমিক শিক্ষা শেষ করে পরিবারে ফিরে আসেন। নিজের ইচ্ছায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। অভাবের সংসার খুব সামান্য খেয়ে পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। গ্রামের কাঁচা রাস্তা, রোদ, বৃষ্টি, কাদা, পানি—কোনো কিছুই তাঁকে থামিয়ে রাখতে পারেনি। এভাবে পড়তে পড়তে একসময় স্কুলের গণ্ডি শেষ করেন। কলেজে প্রথম বর্ষে ভর্তি হন। এ সময় তিনি পাওয়ার টিলার চালানোর প্রশিক্ষণ নেন। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাঁকে এক বছরের জন্য একটি পাওয়ার টিলার দেয়। এটি দিয়ে তিনি অন্যের জমি চাষ করতেন। যা আয় হতো, তার ২০ শতাংশ নিজে পেতেন। এ অর্থ দিয়ে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেন।
২০০১ সালে একটি উন্নয়ন সংস্থায় কাজ নেন। ২০০২ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন। তিনি কোনো কাজকে ছোট করে দেখেননি। একজন অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রতিনিধি হয়েও যাচিন্তা মূর্মূ কেবল নিজের অদম্য ইচ্ছা, প্রবল চেষ্টা এবং কঠোর পরিশ্রম দিয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দারিদ্র্য বা অন্য কোনো বাধাই তাঁর পথচলাকে বন্ধ করতে পারেনি। সামাজিক ও পারিবারিক বাধা পেরিয়ে আজ তিনি জয়িতা।

যাঁরা জয়িতা হলেন
রওশনারা: ক্যাটাগরি, সফল জননী যে নারী। গ্রাম: বাউশগাড়ী, উপজেলা: সাঁথিয়া, জেলা: পাবনা
পুষ্প রানী: ক্যাটাগরি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। গ্রাম: কাগটিয়া, উপজেলা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী
রহিমা বেগম: ক্যাটাগরি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করছেন যে নারী। গ্রাম: বড়গাছি, উপজেলা: পবা, জেলা: রাজশাহী
যাচিন্তা মূর্মূ : ক্যাটাগরি, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যে নারী। গ্রাম: দুধাই গঙ্গাপুকুর, উপজেলা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী
সাথী রানী : ক্যাটাগরি, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী। গ্রাম: ভাবিচা, উপজেলা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ
জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানটি আগামীকাল ২৫ ফেব্রুয়ারি সন্ধা ছয়টায় চ্যানেল আইতে প্রচারিত হবে

তত্ত্বাবধানে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
আয়োজনে: মহিলাবিষয়ক অধিদপ্তর
বাস্তবায়নে: বিভাগীয় প্রশাসন, রাজশাহী
অর্থায়নে : জাতিসংঘ জনসংখ্যা তহবিল
প্রচার সহযোগিতায়: প্রথম আলো, চ্যানেল আই