২৭ জানুয়ারি ২০১৪ মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে রংপুর সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রংপুর বিভাগের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। এই ক্রোড়পত্রে জয়িতাদের সাফল্যগাথা প্রকাশিত হলো।

একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগটির নাম ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’। জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী; ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী; ৩. সফল জননী নারী; ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী; ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগভিত্তিক জয়িতা বাছাই কাজটি পরিচালিত হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাছাইয়ের কাজে সম্পৃক্ত ছিলেন। রংপুর বিভাগে ইউনিয়ন পর্যায় থেকে ক্যাটাগরিভিত্তিক মনোনীত ৮৪৬ জন জয়িতার মধ্যে উপজেলা পর্যায়ে ২৮৭ জন, জেলা পর্যায়ে ৪০ জন ও বিভাগীয় পর্যায়ে পাঁচজন জয়িতাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর মনে করে, জয়িতারা বাংলাদেশের বাতিঘর। জয়িতাদের দেখে অন্য নারীরা অনুপ্রাণিত হলে ঘরে ঘরে জয়িতা সৃষ্টি হবে। আর তা হলেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।
কঠিনেরে ভালোবাসিলাম

মাটির ওপর রয়েছে বংশগত শিল্পের ছোঁয়া। তাঁর কুশলী আঙুলগুলোও মাটি দিয়ে তৈরি করে এক অনন্য শিল্প; তা কেবল বেঁচে থাকার জন্য। জরাজীর্ণ অন্ধকার ঘর। সুখ, স্বপ্ন, ভালোবাসা বলতে কিছু নেই। অভাবের সাতকাহনে মোড়া জীবন। এত বৈরিতার মধ্যেও স্বপ্ন দেখেন জীবনকে আলোকিত করার। নিরবধি ছুটে চলে তাঁর মন এক অজানা আলোর সন্ধানে। তাই কোনো বাধাই জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এ যেন রবীন্দ্রনাথের সেই বাণী ধারণ করা এক অনন্য নারী—‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে-কখনো করে না বঞ্চনা’। সত্যি তা-ই, কমলা রানী পাল কঠিনেরে ভালোবেসে এগিয়ে যাওয়া এক সাহসী নারী। ছয় ভাইবোনের মধ্যে কমলা বড়। বাবা পেশায় মৃৎশিল্পী। জন্মের পর থেকেই বাবার কাজে সহযোগিতা করেন কমলা। বাবারও ইচ্ছে ছিল মেয়েকে লেখাপড়া শেখানোর। দারিদ্র্যের কাছে হার মানে তাঁর সে ইচ্ছে। চতুর্থ শ্রেণীর বেশি পড়াতে পারেননি কমলাকে। কিন্তু কমলা অন্যের বই এনে পড়া চালিয়ে যেতে থাকেন। আশ্চর্য হলেও সত্যি, এভাবেই তিনি একদিন এসএসসি পাস করেন। এবার কমলা দ্বিগুণ উৎসাহে জীবনের যুদ্ধে নামেন। সারা দিন মাটির তৈজসপত্র বানান। রাতের বেলায় হারিকেনের আলোয় চলে টিউশনি। এর মধ্যে এইচএসসিতে পড়া এক ছাত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামীর বইগুলো কমলা পড়তে থাকেন। কিছুটা সময় নিলেও ঠিকই এইচএসসিও পাস করেন। সংসারের অভাব দূর করার জন্য চাকরি নেন। চাকরি করলেও পড়াশোনা বন্ধ করেননি। জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা যাঁর মধ্যে সেই কমলাকে তো স্নাতক পাস করতেই হবে। বয়স, সংসার, চাকরি—কোনো কিছুই বাধা নয় এ ক্ষেত্রে। চলতে থাকে নিরবিচ্ছিন্ন তপস্যা এবং একসময় তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর অভিধানে হার মানা, থেমে যাওয়া, পরাজিত হওয়া বলতে কিছু নেই। পরিশ্রম, অধ্যবসায়, শক্তি, সাহস ও স্বপ্ন মানুষকে কোথায় দাঁড় করায়, তা তিনি নিজেও জানতেন না। ভেবেছিলেন এসএসসির পর আর পড়া হবে না। কিন্তু না, তিনি এইচএসসি, স্নাতক পাস করেছেন। এখানেই থেমে যাননি তিনি, এমএসএস (মাস্টার ডিগ্রি) অর্জন করেন। আজ তিনি একটি প্রতিষ্ঠানের ইউনিট ম্যানেজার। বিপদের ভয়ে যিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যান না, তিনিই জয়িতা। জয়িতারা অবস্থান করেন উন্নতির শিখরে। তাঁরা নিজে আলো জ্বালেন, সেই আলোয় অন্যকে আলোকিত করেন।
দুচোখ ভরা স্বপ্ন ছিল

তখনো তিনি নারী হয়ে ওঠেননি। ১০ বছরের প্রাণোচ্ছল এক কিশোরী। কেবল দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বেড়ে উঠছেন। সে স্বপ্ন কখন বিবর্ণ হয়েছে, তা তিনি নিজেও জানেন না। এই কিশোরী আজ একজন পরিপূর্ণ নারী। অভাব-অবহেলা নিয়ে পার করেছেন অতীত জীবন। নাম তাঁর সহিদা বেগম। বাবা দিনমজুর, মা গৃহিণী। ১০ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। একজন দিনমজুর বাবার পক্ষে এত বড় সংসার চালানো সম্ভব না। তাই তৃতীয় শ্রেণীর পর সহিদার আর পড়া হলো না।
অতীতের অপূরণীয় স্বপ্নগুলো আজও লালন করেন মনের গহিনে। একসময় কিশোরী সহিদা বয়স্ক আনোয়ার হোসেনের তৃতীয় স্ত্রী হন। এই বয়সে একজন কিশোরী অবাধে ডানা মেলে উড়ে বেড়ায়। কিন্তুসহিদার দিন কাটে স্বামীর অভাবের সংসারে। সহিদা তিন ছেলে, এক মেয়ের জননী। পরিবারের সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভাব। এর মধ্যে স্বামী গুরুতর অসুস্থ হলেন। পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনটাই সবচেয়ে বড়। অন্দরমহলের সহিদা বের হন কাজের খোঁজে। সামান্য বেতনে একটি হাসপাতালে চাকরি নেন। শুরু হলো জীবনের আরেক যুদ্ধ। এখানে ভাত রান্না, নারীদের প্রসবে সহায়তা ইত্যাদি কাজ করেন। কিছু পয়সা জমিয়ে বড় ছেলেকে স্কুলে পাঠন। কিন্তু ক্ষুধার কষ্ট থেকে মুক্তি পেতে ছেলে ঘর থেকে পলিয়ে যায়। মানসিকভাবে আঘাত পান সহিদা।
শত মরণেও মরে না নারী। বেঁচে থাকা আর টিকে থাকার দৃঢ় প্রত্যয়ে আবারও উঠে দাঁড়ান সহিদা। এর মধ্যে মা ও ছোট ছেলে বুটিকসের কাজে যথেষ্ট সুনাম অর্জন করেন। এখন কয়েকটি গ্রামের এক হাজার ২০০ নারী তাঁর সঙ্গে কাজ করছেন। জীবনের অনেক ধাপ পেরিয়ে সহিদা আজ সামাজিক নানা রকম কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেছেন। তিনি এখন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সামাজিক সুরক্ষা দলের সদস্য। সহিদা নিজের জীবন থেকে বাল্যবিবাহের সমস্যা বুঝেছেন। তাই সর্বশক্তি দিয়ে বাল্যবিবাহকে প্রতিরোধ করেন।
এ দেশের নারীসমাজ যেন দুঃখ-কষ্টের বাধা পেরিয়ে ঘুরে দাঁড়াতে পারে। অবজ্ঞা, অনাচারে পিছিয়ে থাকা নারী যেন বলতে পারেন, ‘আকাশ তুমি সরে যাও, আমি উঠে দাঁড়াব।’ সহিদা বেগম আকাশ ফুঁড়ে উঠে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দুর্গম পথের সফল যাত্রী

তহুরা বেগমের বাবা ছিলেন দিনমজুর। পরিবারের সদস্যসংখ্যা পাঁচ। মা-বাবার প্রথম সন্তান তহুরা। অভাবের জন্য সংসার চালাতে কষ্ট হতো। কোনো ভাইবোনেরই লেখাপড়া হয়নি। তহুরার স্বামীও দিনমজুর। দুই ছেলে, এক মেয়েসহ দিনমজুর স্বামীর সংসারে কোনো রকম খেয়ে না-খেয়ে দিন কাটে। প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হয়। তিনি বাধ্য হয়ে অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। মেসে রান্না করেন। যাদের বাসায় তিনি কাজ করেন, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করতে দেখেন।
এটা দেখে তাঁর মন ব্যাকুল হয়। তিন সন্তানকে অনেক কষ্টে স্কুলে ভর্তি করান। একজন শিক্ষিকা তাঁকে সহযোগিতা করেন। একসময় সন্তানেরা প্রাইমারি স্কুল শেষ করে। তহুরার কাছে দিন-রাত বলে কিছু নেই। মানুষের বাসায় কাজসহ বিভিন্ন কাজের পেছনে ছুটতে থাকেন। এভাবে দুই সন্তান জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে। বড় ছেলে আবু তাহের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্সসহ মাস্টার্স পাস করেন। তিনি বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হন। এখন ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।
দ্বিতীয় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে চতুর্থ বর্ষে পড়ছেন। তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। জীবনে সংগ্রাম আছে। সংকট আছে। সফলতার পথ সব সময়ই দুর্গম। কিন্তু কেউ যদি স্বপ্নদর্শী হয়, আকাঙ্ক্ষা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে সে কাজটি পারবেই। তহুরা এমন একজন সাহসী নারীর প্রতীক, যিনি কাজটি পেরেছেন। তিনি বাংলার সফল জননী।
লক্ষ্যে ছিলেন অবিচল

সেলিনা জাহান। এক বাতিঘরের নাম। তাঁর কর্মের আলোকচ্ছটায় দ্যুতিময় করে তুলেছেন অন্ধকারাচ্ছন্ন মানুষের জীবনকে। ছোটবেলা থেকেই সমাজের বিভিন্ন কুসংস্কার ও বৈষম্য নিয়ে ভাবতেন। দরিদ্র শিশুদের পড়াশোনার জন্য একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ জন্য টিউশনি করে অর্থ জোগান। এর মধ্যে তাঁর বিয়ে হয়। বিয়ের পরও সমাজ উন্নয়নের কাজ থেমে থাকেনি। তাঁর পড়াশোনাও বন্ধ হয়নি। তিনি বাংলায় মাস্টার্স করেন।
স্বামীর পরামর্শ ও সহযোগিতায় রাজনীতিতে যোগ দেন। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি রানীশংকৈল উপজেলার ভাইস চেয়ারম্যান। পাশাপাশি কেবি ডিগ্রি কলেজে অধ্যাপনা করছেন। তিনি একজন সফল জননীও। তাঁর মেয়ে রংপুর মেডিকেল কলেজে আর ছেলে অষ্টম শ্রেণীতে পড়ছে।
সেলিনা জাহান নিজ উদ্যোগে গ্রামে শিশুদের পাঠদান কর্মসূচি গ্রহণ করেন। শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্যও প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান। তাঁদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ করছেন। বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা ও প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। যৌতুক প্রতিরোধে বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। নারী ও কন্যাশিশুদের অবাধ চলাফেরা নিশ্চিত করার জন্য ইভ টিজিং প্রতিরোধসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বদা উচ্চকণ্ঠ। দুর্নীতিসহ সমাজ থেকে সব অনৈতিক কার্যকলাপ দূরীকরণে দৃঢ়প্রতিজ্ঞ। এখানেই থেমে নেই; তিনি সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য কাজ করছেন।
সমাজের কিছু মানুষ তাঁর এ কাজকে ভালো চোখে দেখেননি। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি লক্ষ্যে অবিচল থেকেছেন। সেলিনা জাহান এ যুগের সমাজসংস্কারক। আলোর দিশারি। দেশের নারী সমাজসহ সাধারণ মানুষের বাতিঘর। তাঁর প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।
হার না মানা লিলি বেগম

কুড়িগ্রামের নিভৃত এক পল্লির মেয়ে লিলি বেগম। সাত বোনের মধ্যে তিনি দ্বিতীয়। সব বোনেরই ফুলের নামে নাম। লিলি তাঁর মনোবল, শক্তি, সাহস ও চারিত্রিক দৃঢ়তা দিয়ে নিজের নামটিকে অনন্য করে তুলেছেন। হতদরিদ্র বাবার সামর্থ্য ছিল না মেয়েদের লেখাপড়া শেখানোর। পঞ্চম শ্রেণী পাস করার আগেই তাঁর বিয়ে হয়। কাঠমিস্ত্রি স্বামীর সংসার বাবার মতোই দারিদ্র্যক্লিষ্ট। দারিদ্র্যের নিপীড়ন থেকে তাঁর আর মুক্তি হয়নি। এই স্বামীও একসময় নিরুদ্দেশ হন। বড় ছেলের বয়স আট।ছোটছেলে তখনো কোলের শিশু। মনে হলো বিশাল পৃথিবীতে কোথাও কেউ নেই তাঁর। কী করবেন, কোথায় যাবেন? না জানেন লেখাপড়া, না জানেন বিশেষ কোনো কাজ। বাবার বা স্বামীর কোনো সম্পদও নেই, যা দিয়ে দুমুঠো আহার জোগাবেন। তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বেছে নিলেন ঝিয়ের কাজ। শুরু হলো জীবনযুদ্ধের এক নতুন পর্ব। পরবর্তী ২০ বছরে স্বামীর কোনো খোঁজ পাননি। নিজেই দায়িত্ব নিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়ার। নিজে লেখাপড়া জানেন না, এটা তাঁকে কষ্ট দেয়। সন্তানদের তিনি উচ্চশিক্ষিত করতে চান।
প্রচণ্ড অভাবের মধ্যে সন্তানদের লেখাপড়ার খরচ জোগাড় করেছেন। কী দুর্বিষহ, যন্ত্রণাময় ছিল সেসব দিন! আজ বড় ছেলে ইংরেজিতে স্নাতক (সম্মান) পাস করে চাকরি করছেন। ছোট ছেলে ডাক্তারি পড়ছেন। স্বামীকে খুঁজে পাওয়ার আশায় নিখোঁজ সংবাদের বিজ্ঞাপন দিয়েছেন। স্বামী অন্য স্ত্রী ও সন্তান নিয়ে ফিরে আসেন। লিলি তাঁকে আর গ্রহণ করেননি। সিদ্ধান্ত নিলেন সন্তানদের নিয়ে বাকি জীবন একাই পাড়ি দেবেন।সেই কিশোর বয়স থেকে একাই রয়ে গেলেন লিলি বেগম। সব বাধাকে জয় করে জীবনকে গড়েছেন নিজের মত করে। নিজের দৃঢ় মনোবল, শক্তি, সাহস ছাড়া তাঁর জীবনের পথে আর কেউ ছিল না। ছোট ছেলে ডাক্তারি পাস করে মায়ের দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখেন। তিনি সেই দিনের অপেক্ষায় আছেন। তাই শক্ত হাতে তিনি এখনো সংসারের হাল ধরে রেখেছেন। লিলি বেগমরা হার মানতে জানেন না। শত নির্যাতন-অবহেলায় তাই গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। বাতিঘর হয়ে পথ দেখান পথহারাদের।
যাঁরা জয়িতা হলেন
কমলা রানী পাল : ক্যাটাগরি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, গ্রাম: কাঁঠালবাড়ি শিবরাম, উপজেলা: কুড়িগ্রাম সদর, জেলা: কুড়িগ্রাম, রংপুর
সহিদা বেগম : ক্যাটাগরি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, গ্রাম: তেলিপাড়া, উপজেলা: নীলফামারী, জেলা: সৈয়দপুর রংপুর
তহুরা বেগম : ক্যাটাগরি, সফল জননী নারী, গ্রাম: রাধানগর শাস্ত্রীপাড়া, উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর
সেলিনা জাহান : ক্যাটাগরি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, গ্রাম: সন্ধ্যারাই, উপজেলা: রানীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও, রংপুর
লিলি বেগম : ক্যাটাগরি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে যে নারী ঘুরে দাঁড়িয়েছেন, গ্রাম: পশ্চিম কল্যাণ যুগির ভিটা, উপজেলা: কুড়িগ্রাম সদর, জেলা: কুড়িগ্রাম, রংপুর
জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানটি আগামীকাল ৪ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় চ্যানেল আইতে প্রচারিত হবে
তত্ত্বাবধানে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
আয়োজনে: মহিলাবিষয়ক অধিদপ্তর
বাস্তবায়নে: বিভাগীয় প্রশাসন, রংপুর
প্রচার সহযোগিতায়: প্রথম আলো চ্যানেল আই