জয়িতাদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়িতার সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন বীরাঙ্গনা ফিরোজা খাতুন
জয়িতার সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন বীরাঙ্গনা ফিরোজা খাতুন

কেউ বীরাঙ্গনা, কেউ দৃষ্টিপ্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী, আবার কেউ সফল ব্যবসায়ী বা সফল জননী। তবে তাঁরা বর্তমানে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘জয়িতা’ হিসেবে পরিচিত। তাঁদের মুখে জীবনযুদ্ধে জয়ী হওয়ার হাসি।

আজ শনিবার সরকারের জয়িতা অন্বেষণ কার্যক্রমের অধীনে বিভাগের পাঁচ নারীকে জয়িতা নির্বাচিত করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট, সনদ তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, সচিব নাছিমা বেগম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের কমিশনার হেলালুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সফল জননী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত টাঙ্গাইলের রওশনারা বেগম অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। তাঁর সাত ছেলে মেয়ে। সবাই শিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত। মায়ের পক্ষে ছেলেমেয়েরা সম্মাননা নেন।

অন্য জয়িতাদের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নরসিংদীর বৃষ্টি একজন। তিনি বাল্যবিবাহের শিকার ছিলেন। বর্তমানে তাঁর নিজের তিনটি কারখানায় ১০০ নারী শ্রমিক কাজ করছে।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল আমিনা ফাহমিদা খানম। দেড় বছর বয়সে পোলিও আক্রান্ত হন তিনি। পায়ে ডিভাইস বা কৃত্রিম পা লাগানোর আগ পর্যন্ত তিনি হামাগুড়ি দিয়ে বা লাঠি হাতে নিয়ে চলাচল করতেন। এম এ পাস করে আমিনা বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন।

সাভারের ফিরোজা খাতুন বীরাঙ্গনা হিসেবে সরকারের কাছ থেকে খেতাব পেয়েছেন ২০১৫ সালে। এই নারী মুক্তিযোদ্ধার আছে জীবনের দুঃসহ স্মৃতি। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে তিনি পেয়েছেন জয়িতা সম্মাননা।

সাভারের আরেক জয়িতা দৃষ্টিপ্রতিবন্ধী কহিনুর আক্তার। সাত বছর বয়স থেকে তিনি চোখে দেখেন না। ২০০৩ সালে কহিনুর সাভারে একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। হাসপাতালেই দিন কাটে তাঁর।

অনুষ্ঠানে জানানো হয়েছে, ঢাকা বিভাগের সব জেলা থেকে প্যানেল বিচারকের মাধ্যমে প্রাথমিকভাবে ৬৫ জন নারীকে নির্বাচিত করা হয়। তারপর ১০ জন এবং আজ পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে চূড়ান্তভাবে নির্বাচন করে এ সম্মাননা দেওয়া হলো।