
তাঁরা জীবনসংগ্রামে নানা বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন। নিজে স্বাবলম্বী হয়েছেন ও অন্য নারীদেরও পথ দেখিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে জয়িতাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: মহিলা সংস্থা চাঁদপুর শাখার আয়োজনে সকাল ১০টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারের পাদদেশ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মতিন মিয়া, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।
বরিশাল: দুপুরে নগরের অশ্বিনী কুমার হলে আনুষ্ঠানিকভাবে জয়িতাদের হতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা ও জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।
সাতক্ষীরা: কলারোয়া ও দেবহাটা উপজেলার ১০ জন নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নূরন নাহারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ইউএনও উত্তম কুমার রায় পাঁচজন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন। একইভাবে দেবহাটা উপজেলা চত্বরে ইউএনও তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি পাঁচজন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন।
নালিতাবাড়ী (শেরপুর): বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সবুর। এ ছাড়া উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, মানবাধিকারকর্মী রোজিনা আক্তার, জয়িতা পদকপ্রাপ্ত কোহিনুর বেগম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে পাঁচজন নারীকে জয়িতা পদক দেওয়া হয়। এর আগে নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপের অংশগ্রহণে একটি বাইসাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে উপজেলার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার প্রমুখ। পরে প্রত্যেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
রাজবাড়ী: সকাল সাড়ে ১০টায় পাঁচজন সফল নারীকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন মাহবুবুল হক ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম।