জয়িতারা বাংলাদেশের বাতিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর। ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ নামের এই উদ্যোগের আওতায় গতকাল রাজশাহী বিভাগের সংগ্রামী পাঁচ নারীকে পুরস্কৃত করা হয়। রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা ।  ছবি: প্রথম আলো
সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর। ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ নামের এই উদ্যোগের আওতায় গতকাল রাজশাহী বিভাগের সংগ্রামী পাঁচ নারীকে পুরস্কৃত করা হয়। রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা । ছবি: প্রথম আলো

নাম যাচিন্তা মুরমু। ছিলেন দিনমজুর। প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য জ্ঞানস্পৃহা তাঁকে নিয়ে গেছে অনেক দূর। তিনি হয়েছেন জনপ্রতিনিধি। হয়েছেন স্কুলশিক্ষক। এবার রাজশাহী বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ তাঁকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অজর্নকারী নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই গঙ্গাপুকুর গ্রামে।
দেশের সাতটি বিভাগে পর্যাযক্রমে এ কর্মসূচির মাধ্যমে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন সফল ও সংগ্রামী নারীকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর। গতকাল রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর বিভাগীয় পর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ সাফল্য অর্জনকারী হিসেবে যাচিন্তা মুরমুর মতো পাঁচজন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তাঁরা ‘বাংলাদেশের বাতিঘর’। নির্বাচিত প্রত্যেক জয়িতাকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী নারীর মধ্য থেকে পাঁচজনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অপর চার নারী হচ্ছেন সফল জননী ক্যাটাগরিতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের রওশন আরা, সমাজ উন্নয়নে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাগটিয়া গ্রামের পুষ্পরানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সামনে অগ্রসরমাণ নারী হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের সাথী রানী ও জীবনসংগ্রামে অর্থনৈতিক সফলতার জন্য রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের রহিমা বেগম।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিচারক ছিলেন অবসরপ্রাপ্ত উপসচিব আবদুল আজিজ, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আমিনুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সুবল বোস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস প্রমুখ। প্যানেলিস্ট ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, সমাজসেবী শাহীন আক্তার ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। অনুষ্ঠানের শুরুতে আগত জয়িতাদের জীবনসংগ্রাম নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। জয়িতারা নিজেদের সংগ্রামী জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
নির্বাচিত জয়িতা রওশন আরা স্বাধীনতাযুদ্ধে স্বামীহারা। আর্থিক কষ্ট ও সামাজিক প্রতিকূলতাকে অতিক্রম করে তিন সন্তানকে প্রতিষ্ঠিত করেন। তাঁর এক ছেলে প্রকৌশলী, অপর ছেলে সেনা কর্মকর্তা। আর মেয়ে স্কুলশিক্ষক।
ভূমিহীন ও বিধবা পুষ্পরানী ঐকান্তিক চেষ্টায় হয়ে উঠেছেন এক অসামান্য নারী। নিজের একমাত্র সম্বল চার কাঠা জমিতে স্কুল প্রতিষ্ঠা করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগিয়েছেন।
সাথী রানীর একটি পা নেই। তবু তাঁর জীবন থেমে নেই। বিয়ের পর স্বামী অমানুষিক নির্যাতনের কারণে সন্তান ধারণের পরও বিবাহবিচ্ছেদ হয়। এর পরও হাল ছাড়েননি তিনি। সেলাই মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
রহিমা বেগম আর দশটা মেয়ের মতো শুধু গৃহিণী হয়ে থাকেননি। গরু মোটাতাজাকরণ ও তৈরি পোশাক বাজারজাত করেছেন। গ্রামের অসহায় নারীদের পথ দেখিয়েছেন। নিজ উদ্যোগে একটি স্কুল পরিচালনা করেন।
মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, জয়িতারা হলেন সেই সংগ্রামী নারী, যাঁরা প্রতিকূলতা পেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। সব বিদ্রোহী নারীই জয়িতা, যা আজকের বাংলাদেশের বাতিঘর। তাঁরা আজকের নারীদের পথ দেখাবেন।