সংগ্রামের গল্প শোনালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র মিলনায়তনে গতকাল জয়িতা নারী হিসেবে স্বীকৃতি পাওয়া ১৮৩ জনকে ব্র্যাকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । ছবি: প্রথম আলো
সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র মিলনায়তনে গতকাল জয়িতা নারী হিসেবে স্বীকৃতি পাওয়া ১৮৩ জনকে ব্র্যাকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুসুরিয়া গ্রামের ফিরোজা বেগম। জীবনযুদ্ধে জয়ী এক সফল নারী। কিন্তু একদিন তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছিল তাঁর মুখমণ্ডল। কিন্তু ভয়ংকর সেই অ্যাসিড-সন্ত্রাস তাঁকে দমাতে পারেনি। এখন স্বামী-সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। তিনি এখন বাংলাদেশের জয়িতা নারীদের একজন।
সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র মিলনায়তনে গতকাল সোমবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি আয়োজিত ব্র্যাক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত জয়িতা নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফিরোজা বেগম তাঁর কষ্ট আর সফলতার বর্ণনা দেন এভাবে, ‘১৯৯০ সালে নবম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী এক বখাটে আমার মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছিল। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে প্রায় সুস্থ হয়ে ১৯৯৫ সালে বাড়ি ফিরি। এর পরই পাশের চৌধুরীডাঙ্গা গ্রামের আবদুল করিমের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর ব্র্যাক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে স্বামী আর সন্তানদের নিয়ে বেশ সুখে আছি।’
আরেক জয়িতা নারী কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের শাহ আলমের স্ত্রী সুফিয়া বেগম। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় তাঁকে জয়িতা নারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। অথচ এই সুফিয়াকেই একদিন নানা গঞ্জনার শিকার হতে হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন।
ফিরোজা আর সুফিয়ার মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সরকার যেসব নারীকে জয়িতা নির্বাচিত করেছে তাঁদের মধ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ১৮৩ জনকে গতকাল ব্র্যাকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ মহিলাবিষয়ক অধিদপ্তরের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে সফলতার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশব্যাপী নেতৃত্বদানকারী নারীদের চিহ্নিত করে জয়িতা স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, নারীর ক্ষমতায়নের পথে নারীর আত্মশক্তিকে জাগিয়ে তোলা একটি গুরুত্বপূর্ণ শর্ত। জয়িতা উদ্যোগের মাধ্যমে অন্য নারীরা ও স্থানীয় মানুষ অনুপ্রাণিত হবে।
নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের যে ঢেউ উঠেছে, মাঠপর্যায় থেকে জয়িতা চিহ্নিত করার উদ্যোগ এই আন্দোলনকে আরও বেগবান করবে।
মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ন্যূনতম সহযোগিতা পেলে অনেক নারীই তাঁদের উন্নয়নের পথ নিজেরাই খুঁজে নিতে পারেন।
সবশেষে সভাপতির বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মাহবুব হোসেন বলেন, জয়িতা নারীরা দেখিয়ে দিয়েছেন, পরিবার ও সমাজ একটু সহযোগিতা করলে প্রতিকূল পরিবেশেও অনেক নারী নিজেদের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।