জয়িতারাই বাংলাদেশের বাতিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজিয়েট স্কুলে মাঠে বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ অনুষ্ঠানে পাঁচজন জয়িতা। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী কলেজিয়েট স্কুলে মাঠে বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ অনুষ্ঠানে পাঁচজন জয়িতা। ছবি: শহীদুল ইসলাম

নাম যাচিন্তা মুরমু। ছিলেন দিনমজুর। পুরুষের মতোই অন্যের জমি চাষ করেছেন। শক্ত হাতে চালিয়েছেন পাওয়ার ট্রিলার। প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য জ্ঞানস্পৃহা তাঁকে নিয়ে গেছে অনেক দূর। তিনি হয়েছেন জনপ্রতিনিধি। হয়েছেন স্কুলশিক্ষক। এবার রাজশাহী বিভাগীয় ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ তাঁকে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই গঙ্গাপুকুর গ্রামে।
আজ শনিবার রাজশাহী কলেজিয়েট স্কুলে মাঠে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর বিভাগীয় পর্যায়ের ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে পাঁচটি ক্যাটাগরিতে বিশেষ সাফল্য অর্জনকারী হিসাবে যাচিন্তা মুরমুর মতো পাঁচজন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তাঁরা ‘বাংলাদেশের বাতিঘর’। নির্বাচিত প্রত্যেক জয়িতাকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী নারীর মধ্য থেকে পাঁচজনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত বাকি চার নারী হলেন সফল জননী নারী ক্যাটাগরিতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের রওশন আরা (৬৬), সমাজ উন্নয়নের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাগটিয়া গ্রামের পুষ্প রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সামনে অগ্রসরমাণ হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের সাথী রানী ও জীবন সংগ্রামে অর্থনৈতিক সফলতার জন্য রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের রহিমা বেগম।
নির্বাচিত জয়িতা রওশন আরা স্বাধীনতাযুদ্ধে স্বামীহারা। আর্থিক কষ্ট ও সামাজিক প্রতিকূলতাকে অতিক্রম করে তিন সন্তানকে প্রতিষ্ঠিত করেন। তাঁর এক ছেলে প্রকৌশলী আরেক ছেলে সেনা কর্মকর্তা। আর এক মেয়ে স্কুলশিক্ষক। ভূমিহীন ও বিধবা পুষ্প রানী সদিচ্ছা ও ঐকান্তিক চেষ্টায় হয়ে উঠেছেন এক অসামান্য নারী। নিজের একমাত্র সম্বল চার কাঠা জমিতে স্কুল প্রতিষ্ঠা করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগিয়েছেন।
সাথী রানীর একটি পা নেই। তবু তাঁর জীবন থেমে নেই। বিয়ের পরে স্বামীর অমানসিক নির্যাতনের কারণে সন্তান ধারণের পরেও বিবাহ বিচ্ছেদ হয়। এর পরও হাল ছাড়েননি তিনি। সেলাই মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি লেখাপাড়া চালিয়ে যাচ্ছেন।
রহিমা বেগম আর দশটা মেয়ের মতো শুধু গৃহিণী হয়ে থাকেননি। গরু মোটাতাজাকরণ ও তৈরি পোশাক বাজারজাত করেছেন। গ্রামের অসহায় নারীদের পথ দেখিয়েছেন। নিজ উদ্যোগে একটি স্কুল পরিচালনা করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন বলেন, এই জয়িতারা সমাজের বিভিন্ন স্তরে সংগ্রাম করে জয়ী হয়েছেন। তাঁরা সমাজে উন্নয়নের প্রতীক হয়ে থাকবেন। মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, জয়িতা কোনো একক নারী নয়। জয়িতা হলো সেই সংগ্রামী নারীরা, যাঁরা প্রতিকূলতা পেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। নারীসমাজকে জ্বলন্ত প্রদীপের পথ দেখিয়েছেন। সব বিদ্রোহী নারীই জয়িতা। যা আজকের বাংলাদেশের বাতিঘর। তাঁরা আজকের নারীদের পথ দেখাবেন।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আবদুল হাদি বলেন, এই জয়িতাদের অংশগ্রহণ ছাড়া বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখতে পারতেন না। ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী বলেন, রবি ঠাকুরসহ সবাই এই নারীকে মূল্যায়ন করেছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিচারক ছিলেন অবসরপ্রাপ্ত উপসচিব আবদুল আজিজ, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আমিনুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সুবোল বোস মনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী, নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বেগম নাজনীন হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রলেখা নাজনীন। প্যানেলিস্ট ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, সমাজসেবী শাহীন আক্তার ওরফে রেনী ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী।
অনুষ্ঠানের শুরুতে আগত জয়িতাদের ফুল দিয়ে বরণ করেন মহিলা অধিদপ্তরের কর্মীরা। এরপর তাঁদের জীবন সংগ্রাম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জয়িতারা নিজেদের সংগ্রামী জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নিজেদের সফলতার পেছনের কাহিনি বর্ণনা করেন। অনুষ্ঠানে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামায়াত খান, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, সমাজসেবক ও চিকিত্সক সুলতান আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।