জয়িতারাই বাংলাদেশের বাতিঘর
শিশু বয়স থেকেই নির্যাতনের শিকার শুকরিয়া বেগম। ওই বয়সেই তাঁকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। এরপর শুরু হয় স্বামীর নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে কেটে নেওয়া হয় তাঁর ডান পা। দৃঢ় মনোবল আর প্রবল ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করেছেন শুকরিয়া। নিজে স্বাবলম্বী হয়ে নির্যাতনের বিভীষিকা মুছে দিয়েছেন জীবন থেকে।
শুকরিয়ার বাড়ি পটুয়াখালীর মৌকরণ এলাকায়। বরিশাল বিভাগের ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ তাঁকে জয়িতা হিসেবে নির্বাচন করেছে। এ বিভাগের ছয় জেলার ৩০ জন সংগ্রামী নারীর মধ্য থেকে পাঁচজনকে জয়িতা নির্বাচন করা হয়।
দেশের সাতটি বিভাগে পর্যায়ক্রমে এ কর্মসূচির মাধ্যমে পাঁচ বিভাগে সফল ও সংগ্রামী নারীদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে বিভাগীয় পর্যায়ের ওই আয়োজন করে প্রশাসন।
শুকরিয়া ছাড়া নির্বাচিত অপর চার নারী হলেন জীবনসংগ্রামে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী গৌরনদী উপজেলার সীমা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি পেয়েছেন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামের কাজী কানিজ সুলতানা, সফল জননী ক্যাটাগরিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের রওশান হক এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের লিপিকা সাহা (রোকেয়া বেগম)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়িতারাই বাংলাদেশের বাতিঘর। জয়িতারাই বাংলাদেশকে এগিয়ে নেবেন। আজকের জয়িতারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে নির্বাচিত প্রত্যেক জয়িতাকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া অন্য ২৫ জনকে সনদ দেওয়া হয়। বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে ‘জয়িতা অন্বেষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বক্তৃতা করেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
বিচারক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইব্রাহিম, মহিলাবিষয়ক অধিদপ্তর বরিশালের কর্মকর্তা রাশিদা বেগম, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা, বিভাগীয় তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।