
তাঁরা জীবনের জন্য সংগ্রাম করেছেন। বৈরী সমাজব্যবস্থার মধ্যে নিজেদের অধিকার আদায়ের জন্য জীবনভর লড়াই চালিয়েছেন। বন্ধুর সে পথচলা। কিন্তু সব প্রতিকূলতা জয় করে তাঁরা সমাজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
ঢাকা বিভাগের ১৭ জেলার এমন ৮৫ জন জয়িতার (সফল নারী) মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে গতকাল রোববার সংবর্ধনা দিয়েছে ঢাকা বিভাগীয় প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যে পাঁচটি বিভাগে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন, তাঁরা হলেন: অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রাবেয়া খাতুন, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী শাহনাওয়াজ দিলরুবা খান, সফল জননী নারী বেগম সুরাইয়া ফারুকী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা সেলিনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সুফিয়া বেগম। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই পাঁচজনের হাতে শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকা সম্মাননা তুলে দেন। তিনি বলেন, ‘অনেক দুর্গম ও বন্ধুর পথ পাড়ি দিয়ে জয়িতারা আজ এ অবস্থানে এসেছেন। এ জন্য তাঁদের অভিনন্দন জানাই।’ প্রাথমিকভাবে মনোনীত সব জয়িতাকেও সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও গতকালের অনুষ্ঠানের প্যানেলিস্ট আয়শা খানম বলেন, ‘এই জয়িতারাই একটি আলোকিত, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তোলার কাজ করবেন।’
ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান শ্রেষ্ঠ পাঁচ জয়িতার নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘সারা জীবন সংগ্রাম করে এগিয়ে যাওয়া এই জয়িতারাই সত্যিকার বাংলাদেশের চিত্র।’
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে যাঁরা চরম বৈরিতার মধ্য দিয়ে সমাজে একটুখানি জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্য থেকেই জয়িতাদের নির্বাচন করা হয়েছে।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচি শুরু হয়েছে গত ২৫ জানুয়ারি থেকে। পর্যায়ক্রমে দেশের সাত বিভাগে এ কর্মসূচি পালন করছে মহিলাবিষয়ক অধিদপ্তর। কর্মসূচির মিডিয়া পার্টনার প্রথম আলো, চ্যানেল আই ও রেডিও ভূমি। গতকালের অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন জয়িতা তাঁদের জীবনসংগ্রামের কাহিনি তুলে ধরেন। অ্যাসিড-সন্ত্রাসের শিকার এক জয়িতা জানালেন মৃত্যুর মুখ থেকে তাঁর ঘুরে দাঁড়ানোর কথা; আরেক জয়িতা জানান কীভাবে পরিবারের সদস্যদের চরম অনিচ্ছা সত্ত্বেও নিজ উদ্যোগে লেখাপড়া শিখে সমাজে নিজের আসন পোক্ত করে নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে ৮৫ জয়িতার মধ্যে নির্বাচিত ১০ জনের জীবনকাহিনি পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে জয়িতাদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি করা বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
গতকালের অনুষ্ঠানে প্যানেলে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। গতকালের অনুষ্ঠানের বিচারক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখি দাশ পুরকায়স্থ প্রমুখ।