জয়ের ঢেউ সংসদেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের ওভাল মাঠে। তখন সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। কিন্তু সেদিকে অনেকেরই মনোযোগ নেই। বেশির ভাগ সাংসদ লবিতে টিভির সামনে। আর অধিবেশন কক্ষের সাংসদেরা মোবাইলের মনিটরের দিকে তাকিয়ে, বাংলাদেশ-ইংল্যান্ড দলের খেলার সর্বশেষ খবর দেখছিলেন ক্রিকইনফোতে ।

এমনই পরিস্থিতিতে রুবেল হোসেনের ইয়র্কার লেংথের একটি বল। ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জিমি অ্যান্ডারসন বোল্ড। সঙ্গে সঙ্গে যেন অ্যাডিলেড ওভালের কয়েক হাজার বাংলাদেশির আনন্দ আর উচ্ছ্বাস আছড়ে পড়ল লুই আই কানের স্থাপত্য জাতীয় সংসদ ভবনে। টেবিল চাপড়ে বিজয়ের উল্লাস প্রকাশ সাংসদদের। এভাবে গতকাল সোমবার বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের বিজয়ের ঢেউ ওঠে সংসদে।

এর আগে বিকেল পৌনে পাঁচটার অধিবেশন শুরু হয় সোয়া পাঁচটার পর। বারবার ঘণ্টা বাজানোর পরও কোরাম মেলানো যাচ্ছিল না সংসদে। কারণ সাংসদেরা লবিতে টিভিতে খেলা দেখছিলেন। চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপরা সাংসদদের বারবার তাড়া দিচ্ছেলেন ভেতরে যেতে। বললেন, বাংলাদেশ জিতে যাচ্ছে। টেনশনের কিছু নেই।

অনিচ্ছা সত্ত্বেও চিফ হুইপের নির্দেশে পেছনের সারির সাংসদেরা অধিবেশন কক্ষে গিয়ে বসেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা। কিন্তু অনেকেরই তাতে মন নেই। মনোযোগ মোবাইল ফোনের মনিটরে, খেলার সর্বশেষ তথ্য জানতে।

এ অবস্থা দেখে ফজলে রাব্বী মিয়া সাংসদদের সতর্ক করে বলেন, আপনারা সবাই কার্যপ্রণালিবিধির ২৬৭ অনুসরণ করেন।

এই বিধি অনুযায়ী, অধিবেশন কক্ষে সংসদের কার্যসূচির বাইরে অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া যাবে না। কিন্তু তাতে কি আর ফল হয়! কারণ ততক্ষণে বাংলাদেশ দলের তাসকিনের বলে জে সি বাটলার কট বিহাইন্ড এবং সাকিব আল হাসানের থ্রোতে সি জে জর্ডান রানআউট হয়ে গেছেন। বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত। এ অবস্থায় কি সংসদের কাজে মনোযোগ দেওয়া যায়?

হঠাৎ স্টুয়ার্ট ব্রডের ৬ বলে একটি ছক্কাসহ ৯ রান সাংসদদের মধ্যে টেনশন বাড়িয়ে দেয়। কারণ ক্রিজে অপর প্রান্তে তখনো ৪২ রানে নটআউট থাকা সি আর ওকস। তখন ইংল্যান্ডের রান ৪৮ ওভার শেষে ৮ উইকেটে ২৬০। ৪৮তম ওভারে দুই ব্যাটসম্যান মিলে তাসকিনের কাছ থেকে তুলে নিয়েছে ১৫ রান। এই ওভারে চতুর্থ বলে ওকসের সহজ ক্যাচ ফেলে দেন তামিম ইকবাল। শেষ দুই ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১২ বলে ১৬ রান। হাতে দুই উইকেট। সাংসদদের মধ্যে জয়-পরাজয়ের দোলা।

অধিবেশন কক্ষে তখন রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

কে জানত ৪৯তম ওভারে রুবেল হোসেনের তিন বলের একটি বিধ্বংসী স্পেল নিঃশেষ করে দেবে ইংল্যান্ড দলের বিশ্বকাপস্বপ্ন! রুবেল প্রথম বলে ব্রড এবং তৃতীয় বলে জিমি অ্যান্ডারসনকে সরাসরি বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

তখন ডেপুটি স্পিকার ভূমিমন্ত্রীর বক্তব্যের মাঝে বলে উঠলেন, টাইগাররা জিতে গেছে। এ বিষয়ে আমরা একটু পরে আনুষ্ঠানিকভাবে জানাব। এ সময় ভূমিমন্ত্রী প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, টাইগাররা জিতে গেছে। তখন ডেপুটি স্পিকার টাইগারদের বিজয়ে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এরপর রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত আলোচনায় সব সাংসদের বক্তব্যেই ঘুরেফিরে এসেছে বাংলাদেশ দলের বিজয়ের প্রসঙ্গ।