জয়ের নির্বাচনী প্রচার শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়, ফাইল ছবি
সজীব ওয়াজেদ জয়, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনী প্রচারণা শুরু করতে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। কাল শুক্রবার এক দিনের সফরে সড়কপথে গোপালগঞ্জ আসছেন তিনি। পরদিন শনিবার তিনি বাগেরহাট, খুলনা ও যশোর যাবেন বলে জানা গেছে।

এ সময় জয়ের সঙ্গে শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিনসহ অন্য নেতারা থাকবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সজীব ওয়াজেদ জয় গোপালগঞ্জে তাঁর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে আসছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ছেলে দক্ষিণাঞ্চল সফর শুরু করবেন। তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে জয় সফরসঙ্গীদের নিয়ে রওনা হবেন। শ্রীনগর, মাওয়াঘাট, শিবচর, ভাঙ্গামোড়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, গোপালগঞ্জ শহরতলির ঘোনাপাড়াসহ পথে পথে অসংখ্য নির্ধারিত এবং অনির্ধারিত পথসভায় বক্তব্য দেবেন তিনি। এসব জনসভায় বিগত পাঁচ বছরে সরকারের সাফল্য ও জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরবেন জয়। টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন ও জিয়ারত করবেন। তিনি সামাধিসৌধ কমপ্লেক্স মসজিদে নামাজ আদায় করবেন। এ সময় জয় মায়ের শৈশব ও কৈশরের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ জাদুঘর ও লাইব্রেরি ঘুরে দেখবেন। আত্মীয়স্বজন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। স্থানীয় বঙ্গবন্ধু ভবনেই রাত্রিযাপন শেষে শনিবার সকালে জয় বাগেরহাট, খুলনা ও যশোরের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

এদিকে সজীব ওয়াজেদের আগমন উপলক্ষে গোপালগঞ্জে এখন উত্সবের আমেজ বিরাজ করছে। শহর ও শহরতলি এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে জয়কে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে বেশ কিছু তোড়ন নির্মাণ করা হয়েছে। হরিদাসপুর থেকে খালেক বাজার পর্যন্ত রাস্তার দুধারে জনগণ দাঁড়িয়ে জয়কে ফুল ছিটিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানাবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রথম আলো ডটকমকে বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে নানা প্রস্তুতি নিয়েছে। কাল শুক্রবার বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়ায় জয়ের সঙ্গে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বৈঠকে মিলিত হবেন।