জয়ের নিয়ামক অন্তঃপুরের ভোটব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাই পথ চলছেন নারী পদপ্রার্থী। হাতে তাঁর প্রতীকসংবলিত প্রচারপত্র। পথে যার সঙ্গে দেখা হচ্ছে, তার হাতেই তুলে দিচ্ছেন প্রচারপত্র। কলেজ থেকে রিকশাযোগে ফিরছিলেন তিন ছাত্রী। ওই প্রার্থী রিকশাটি থামিয়ে তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন। ছাত্রীদের একজন হুররুম মাকসুদা বলেন, ‘সব প্রার্থীই আমাদের কাছে আসছেন। ছাত্রীদের অনেকের ভোট না থাকলেও প্রার্থীরা সাক্ষাৎ করে বলছেন, পরিবারের সদস্যদের সালাম জানাতে।’চলার পথে একাই প্রচারণার এমন ভিন্নতা দেখে ওই প্রার্থীর মুখোমুখি হতেই বললেন, ‘ভাই, আমরার ইনও কিন্তু ই-বার নারী ভোটাররাই বড় ফ্যাক্টর (বিষয়)। তাঁরা যাঁরে বেশি ভোট দিব, না মাইত্তা হেঁরাই পাস!’ সিলেটের কানাইঘাট পৌরসভায় প্রার্থীদের প্রচারণা পর্যবেক্ষণ করতে গিয়ে গত শনিবার এ দৃশ্য দেখা গেল। পুরুষদের তুলনায় নারী ভোটারদের মধ্যে প্রার্থীদের প্রচারণার এমন আন্তরিকতার কারণ ‘অন্তঃপুরের ভোটব্যাংক’। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে সাতজন, সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে আটজন এবং নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ১৩ হাজার ৯০২। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৭০৯ এবং নারী ভোটার সাত হাজার ২০৩ জন। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি থাকায় প্রার্থীদের প্রচারণায় নারীরাই প্রাধান্য পাচ্ছেন বেশি। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোছা. রানু বেগম। প্রায় ১৮ বছর তিনি ইউনিয়ন পরিষদের নারী সদস্য ছিলেন। জনপ্রতিনিধির অভিজ্ঞতা থেকে তিনি জানান, তাঁর তিনটি ওয়ার্ডেও নারী ভোটার বেশি। এ জন্য তিনিও নারীদের সময় দিচ্ছেন বেশি। জানা গেছে, প্রার্থীদের অতিমাত্রায় কদর দেখে নারীরাও বুঝে ফেলেছেন, ভোটে তাঁরাই নিয়ামক শক্তি। নিজের ভোট পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে দেবেন কি না—এ নিয়ে আলাপকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাওয়ারুন নেছা (৩৮) দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ই-বার কারে ভোট দিতাম, তাইন (স্বামী) কইলে খালি হুইনা (শুধু শুনে রাখা) রাখমু। ভোট দিমু আমার মনে যারে কয় তারেই!’ শেষে যদি সমস্যা হয়—এমন প্রশ্ন শুনে তাঁর উল্টো প্রশ্ন, ‘হিনও (ভোট কেন্দ্রের বুথে) গিয়া তো আর তাইন দেখতা পারতা না! জানবা কেমনে?’কানাইঘাটের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শামসুল আজম জানান, নারী ভোটারকে প্রভাবিত করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ির অভিযোগ পাওয়া মাত্র কঠোরভাবে দমন করা হবে। পৌর নির্বাচন সামনে রেখে ১১ জানুয়ারি কানাইঘাটে প্রার্থীদের নিয়ে প্রশাসনিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পৌরসভা ঘোষণার পর এবারই প্রথম নির্বাচন হচ্ছে। এ জন্য ভোটারদের মধ্যে অন্য রকম উৎসাহ দেখা গেছে। আর সংখ্যার দিক দিয়ে নারী ভোটার বেশি হওয়ায় প্রার্থীরা প্রচারণায় এক ধরনের নীরব ভাব নিয়ে এগোচ্ছেন।