জয়ের নিয়ামক আদিবাসী ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেই একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে পৌর নির্বাচনে জয়ের নিয়ামক হবেন এক হাজার ৪০০ জন আদিবাসী ভোটার। স্থানীয় লোকজন অন্তত তাই মনে করছেন।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে সে দলের সমর্থিত প্রার্থী বলা হচ্ছে। তিনি জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি সামছু উদ্দিন মাস্টার। তিনি নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে। এদিকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির (ওয়াদুদের পক্ষ) সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী নির্বাচন করছেন। তাঁর প্রতীক মাইক। চশমা প্রতীক নিয়ে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির (ওয়াদুদের পক্ষ) সাধারণ সম্পাদক বাদশা মিয়া। ইতিমধ্যে বাদশা মিয়াকে বিএনপি থেকে বহিষ্কার করায় ভোটের হিসাব-নিকাশ আরও পাল্টে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে বাদশা মিয়া বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন।এদিকে বিএনপির সমীরনের পক্ষ থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা বিএনপির সহসভাপতি নাছির আহাম্মদ চৌধুরী। আওয়ামী লীগের রয়েছে আরও দুজন প্রার্থী। তাঁরা হলেন: উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম; তিনি নির্বাচন করছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। অন্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মোমিনুল ইসলাম; তিনি নির্বাচন করছেন টেলিভিশন প্রতীক নিয়ে।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকায় মোট ভোটার ১৩ হাজার ৭৩২ জন। আওয়ামী লীগের তুলনায় বিএনপির সমর্থক এখানে খানিকটা বেশি। কিন্তু এক হাজার ৪০০ জন আদিবাসী ভোটার আছেন, যাঁরা কোনো দলকে সমর্থন করেন না। সেই আদিবাসী ভোটররা এখনো সিদ্ধান্তহীন। তাঁদের ভোট যাঁর বাক্সে পড়বে, নির্বাচনে তিনিই হবেন জয়ী।পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া গ্রামের আদিবাসী ভোটার অনিশ্রী ত্রিপুরা (৫০) বলেন, ‘কাকে ভোট দেব, এখনো সিদ্ধান্ত নিইনি। ভোটকেন্দ্রে গিয়ে চিন্তাভাবনা করে ভোট দেব।’