জয়ের পরও হামলা চালালেন বিদ্রোহী প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা ও ভাঙচুরের পরে মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বাড়ি ও কার্যালয়। ছবি: তুহিন আরণ্য
হামলা ও ভাঙচুরের পরে মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বাড়ি ও কার্যালয়। ছবি: তুহিন আরণ্য

মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের সমর্থকেরা দলের সাধারণ সম্পাদক আবদুল খালেকের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন।
বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকেরা আওয়ামী লীগের নেতার বাসভবনের সামনে থাকা আটটি মোটরসাইকেলে ভাঙচুর চালান। তাঁরা কার্যালয়ের দেড় শ চেয়ার, চারটি টেবিল ও বাড়ির আসবাব তছনছ করেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। বিজয়ী প্রার্থী মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ও গাংনী পৌর মেয়র আহম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা ইউএনও কার্যালয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী নেতা মকবুল হোসেনের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি গাংনী শহর পার হয়ে রেজাউল চত্বরে সমাবেশ করে। সমাবেশে মকবুল হোসেন গাংনীর আওয়ামী লীগের রাজনীতি থেকে আবদুল খালেককে উচ্ছেদের আহ্বান জানান। এর পরই কয়েকজন কর্মী আবদুল খালেকের বাড়ি ও কার্যালয়ে হামলা চালান। তাঁরা কার্যালয়ের দেড় শ চেয়ার, চারটি টেবিল ও বাড়ির আসবাব তছনছ করেন। এ সময় বাড়ির সামনে থাকা আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবদুল খালেক জানান, সন্ত্রাসী-পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে তাঁকে হারানোর পর দলের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেন বিজয় সমাবেশ থেকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হামলা চালান। তিনি জানান, মকবুল হোসেনের সমর্থকেরা প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালান। বিষয়টি আঁচ করতে পেরে আগেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে যায়। তিনি অভিযোগ করেন, জেলা ট্রাক মালিক সমিতির নেতা ফকির মোহাম্মদকে হত্যচেষ্টা মামলায় গাংনীর পৌর মেয়র আহম্মদ আলী প্রধান আসামি। গত অক্টোবর মাসে মেয়র প্লায়ার্স দিয়ে ফকির মোহাম্মদের হাতের আঙুলের নখ তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। অথচ পুলিশ তাঁকে ধরছে না।

গাংনীর র্যাব কমান্ডার সহকারী পুলিশ সুপার জুবায়ের হোসেন জানান, হামলার খবর পাওয়ামাত্র র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫টি শটগানের গুলি চালান। শহরে ব্যাপক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার জানান, এখন পরিস্থিতি শান্ত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমাবেশস্থলের সামনে থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, ঘটনার পর সমাবেশস্থল থেকে নির্বাচনে বিজয়ী মকবুল হোসেন ও তাঁর অনুগত উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ও গাংনীর পৌর মেয়র আহম্মদ আলীকে গাংনী ইউএনও কার্যালয়ে ধরে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের উসকানিমূলক বক্তব্যের কারণেই আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি শেষে পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসে বসিয়ে রাখা হয়েছে।

বিজয়ী প্রার্থী মকবুল হোসেন জানান, তাঁর বিজয় মিছিলটি শহর ঘোরার সময় পরাজিত দলীয় প্রার্থী আবদুল খালেকের বাড়ি থেকে মিছিলে ইট ছোড়া হয়। পরে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেও কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। তখন উত্তেজিত কর্মীরা তাঁর বাড়িতে ও কার্যালয়ে হামলা চালান।