নারী-পুরুষ এক সঙ্গে চলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী-পুরুষ একসঙ্গে চলতে হবে। যার যা প্রতিভা সেটা বিকশিত হতে একে-অপরকে সহযোগিতা করতে হবে। দুজনে সমান না হলে কেউই টিকে থাকতে পারবে না। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘প্রথম আলো’ আয়োজিত অনুষ্ঠানে আসা বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা বললেন, নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা ছাড়া কেউই এগোতে পারবে না। কোনো উন্নয়নও স্থিতিশীল হবে না। 
আজ সোমবার ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় শুরু হয় ‘প্রথম আলো’ আয়োজিত নারী দিবসের অনুষ্ঠান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘আমার কাজ, আমাদের অর্জন’। একটি সাফল্যের পেছনে থাকেন অনেকে। অনেক সময় সফলতাকে এককভাবেই দেখা হয়। সফলতার পেছনে অন্যদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই, ভুলে যাওয়াও উচিত নয়। তাই আমি যে কারণে সফল, সেই সফলতা বা অর্জনটি কেবল আমার নয়, এটা আমাদের। আজ অনুষ্ঠানে আসা সফল ব্যক্তিরা সে কথাই বারবার মনে করিয়ে দিলেন। 
‘প্রথম আলো’র পক্ষ থেকে অনুষ্ঠানে আসা বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় জাতীয় অধ্যাপক চিকিৎসক শাহলা খাতুন, সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, ‘ইত্তেফাক’-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, সংগীতশিল্পী ফরিদা পারভীন, নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট, সাফ গেমসে সোনাজয়ী মাবিয়া ও মাহফুজা, কলসিন্দুর গ্রামের দুই ফুটবলার সানজিদা ও মারিয়া, তাদের স্কুলের প্রধান শিক্ষক মিনতি রানী সাহা। অনুষ্ঠানে বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয় ভারতে গিয়ে নির্যাতিত আয়েশা সিদ্দিকাকে। তাঁর লেখা ডায়েরি নিয়ে রচিত ‘আহত আমি’-বইয়ের প্রকাশনাও হয় অনুষ্ঠানে।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে হাসি আনন্দে মেতে ওঠেন অতিথিরা। কখনো কখনো কারও সফলতার পেছনের কথা শুনে আবেগ আপ্লুত হন তাঁরা। বহু বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া সাফ গেমসের সোনাজয়ী দুই নারী, কলসিন্দুরের মেয়ে আর আয়শাকে কেউ নায়িকা বা কেউ সবার জন্য প্রেরণা বলে মন্তব্য করেন।
আয়শা শোনান ভারতে যাওয়া, আশ্রয়কেন্দ্রে থাকা আর নির্যাতনের ঘটনা। সেখান থেকে কৌশলে বেরিয়ে আসা, বই লেখা, ছবি আঁকা, কবিতা লেখাসহ বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি। এ সময় তাঁর পাশে ছিলেন স্বামী সারাফাত হোসেন আর তিন মেয়ে ছিলেন মঞ্চের সামনে। আয়শার লেখা ডায়েরি নিয়ে প্রথমা প্রকাশন থেকে বের হওয়া বইয়ের একটি কপি তাঁর হাতে তুলে দেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান। তিনি আয়শার লেখা একটি কবিতাও পড়ে শোনান। আয়শার বর্ণনা শুনে আবেগাপ্লুত হন সবাই। তবে তাঁর ঘুরে দাঁড়ানোর চেষ্টা সবাইকে আকৃষ্ট করে। 
ভারোত্তলনে সোনাজয়ী মাবিয়া আর সাঁতারে দুটি সোনার পদক বিজয়ী মাহফুজা শোনালেন তাঁদের কথা, সামনে এগোনোর কথা। জাতীয় সংগীতের সঙ্গে সোনা বিজয়ী মাবিয়ার কান্নার সেই ভিডিও ফুটেজ বিমোহিত করে অনুষ্ঠানে আসা সবাইকে। সবাই দাঁড়িয়ে শুভেচ্ছা জানান এই দুই নারীকে। জবাবে তাঁরা দুজনই ভবিষ্যতে অলিম্পিকসহ বড় আসরে বাংলাদেশের সম্মান আরও বাড়ানোর জন্য কাজ করবেন বলে জানান। তাঁরা বলেন, বাংলাদেশের নাম বিশ্বের বুকে আরও বেশি পরিচিত করতে চান তাঁরা। 
কলসিন্দুর গ্রামের দুই ফুটবলার সানজিদা ও মারিয়া জানায় তাদের কথা। কতটা বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা দেশের নাম উজ্জ্বল করেছে, সেই বর্ণনা ছিল তাদের সহজ সরল ভাষায়। তারা বলে, ভালো খেলে তারা দেশকে ও নিজেদের অনেক দূর নিয়ে যেতে চায়। তাদের স্কুলের প্রধান শিক্ষক মিনতি গ্রামের মেয়েদের জন্য সবার সহযোগিতা চান। 
অনুষ্ঠানের শুরুতে তিন ভাই বোন স্বাগতা, সভ্যতা আর সন্ধির গাওয়া আর নাদিয়ার বেহালার সুরে ‘আমরা করব জয়’ গানটির সঙ্গে কণ্ঠ মেলায় সবাই। আগত সবাই মিলে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে জয়ের প্রত্যয় নিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটির শেষও হয় জয়ী হওয়ার অঙ্গীকার নিয়ে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘প্রথম আলো’র ফিচার সম্পাদক সুমনা শারমিন। তিনি নারী-পুরুষকে একে অপরের কাজে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে উল্লেখ করেন। সুমনা বলেন, একটি অর্জন কেবল একজনের নয়। অর্জন সবার। তিনি বলেন, ‘এখন আর নারী ক্রিকেটার বা নারী ডাক্তার বলার দরকার হয় না। এখন কেবল ক্রিকেটার বা চিকিৎসক বললেই হয়।’ 
‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, নারীরা নানা বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলেছে। ‘প্রথম আলো’ এই এগিয়ে চলার সঙ্গে সব সময়ই থাকবে। তিনি বলেন, আয়শাসহ আরও যাঁরা নিজেদের কথা বললেন, এমন অসংখ্য বাধা পেরোনোর ঘটনা নারীদের এগিয়ে নিয়ে যাবে। 
সাবেক খাদ্যসচিব ও বর্তমান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ বলেন, মেয়েদের অর্জন অনেক। তবে এটা অর্জনের পথটা সহজ ছিল না। তাঁদের ব্যাচের নারীরাই প্রথম জেলা প্রশাসক ও সচিব হয়েছেন। এখন তো অনেকেই বড় পদে যাচ্ছেন। 
মার্শা বার্নিক্যাট বলেন, নারী-পুরুষকে হাতে হাত রেখে এগোতে হবে। আলাদা করে কিছু হবে না। এখানে সবাই সবার গাইড। 
শাহলা খাতুন বললেন, নারীরা একা উঠে আসতে পারবে না। তাদের বাবা, ভাই ও বন্ধুদের সহযোগিতা লাগবে। একইভাবে পুরুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে কেউই টিকতে পারবে না। 
সালমা খান বলেন, ‘সব সময় ইচ্ছা ছিল এমন জায়গায় যাব যেখানে সিদ্ধান্ত নিতে পারব। আমি চাই সমতার জয়। কোনো বৈষম্য মেনে নেব না।’ 
অনুষ্ঠানের একপর্যায়ে সংগীতশিল্পী ফরিদা পারভীন গানের কিছু অংশ গেয়ে শোনান। নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, নাচ করার কারণে কোনো নারীকেই যেন নিগৃহীত হতে না হয়, সেটাই চাওয়া। অনুষ্ঠানের শেষে গান গেয়ে শোনান কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। তাঁদের গানের মধ্য দিয়েই শেষ হয় ‘প্রথম আলো’র নারী দিবসের অনুষ্ঠান।