জয়ের প্রস্তাবে এরশাদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, উপজেলা নির্বাচন দলীয়ভাবে হওয়া প্রয়োজন। প্রচলিত পদ্ধতিতে কোন দলের জনপ্রিয়তা কতটুকু সেটা বোঝা যাচ্ছে না। আজ শনিবার সকালে জাতীয় পার্টির ঢাকার বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
খুলনার দৈনিক বাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ জামাল ইউ আহমেদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এরশাদ বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আসছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। থাক এ ব্যাপারে বিস্তারিত কিছু আজ বলব না। পরে বলব। তবে এই নির্বাচনে কোনো দলের জনপ্রিয়তা যাচাই করা সম্ভব হচ্ছে না। প্রতিটি জায়গায় দু-তিনজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উপজেলা নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন। আমি তাঁর কথার সঙ্গে একমত। উপজেলা নির্বাচন দলীয়ভাবে হওয়া প্রয়োজন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, উপজেলা নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন হওয়া দরকার। তাতে নির্বাচন সুষ্ঠু হবে, কোনো হানাহানি থাকবে না। এরশাদ বলেন, তাঁর দলে কিছু সমস্যা থাকায় এবার উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি তেমন ভালো ফল করতে পারেনি। তবে দল নতুনভাবে যাত্রা শুরু করেছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের ‘হতাশা কাটিয়ে’ পরবর্তী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। 

এরশাদ জামাল ইউ আহমেদকে খুলনায় জাতীয় পার্টিকে সংগঠিত করার দায়িত্ব দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, সাবেক উপমন্ত্রী দিদার বখত প্রমুখ।