জয়ের বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ করে দুঃখিত বিবিসি
ইসরায়েলের লিকুদ পার্টির একজন নেতার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে যথাযথভাবে সম্পাদকীয় নীতিমালা অনুসরণ না করায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি।
আজ বুধবার রাতে প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিবিসি গ্লোবাল নিউজের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার পল রাসমুসেন এ তথ্য জানান।
এ বিষয়ে প্রথম আলোকে পাঠানো ই-মেইলে পল রাসমুসেন বলেন, ‘মেন্দি যখন ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সঙ্গে বৈঠকের কথা জানালেন, এটি জনগুরুত্বপূর্ণ। ২৮ মে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একই তথ্য প্রকাশ করেছিলেন। এই সংবাদ নিয়ে আমরা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। নানাভাবে বারবার চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। ৩০ মে সজীব ওয়াজেদ যখন ফেসবুকে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা সঙ্গে সঙ্গেই সেটি প্রকাশ করেছি। একইভাবে আওয়ামী লীগ যখন প্রতিবাদ দিল, সেটিও আমরা প্রকাশ করেছি। তারপরও সজীব ওয়াজেদের বক্তব্য ছাড়া সংবাদটি প্রকাশ করায় আমরা দুঃখিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সম্পাদকীয় নীতিমালা আরও জোরদার করব।’
প্রসঙ্গত, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের ছবি গণমাধ্যমে আসার পর বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছে। এ ঘটনার পরপরই মেন্দির একটি সাক্ষাৎকার প্রকাশ করে বিবিসি বাংলা অনলাইন। সেখানে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে মেন্দির সাক্ষাৎ হয়েছে। তবে জয় ওই দাবি নাকচ করে বলেন, তাঁর সঙ্গে সাফাদির কখনো দেখাই হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকেও বিবিসির খবরকে ‘ভিত্তিহীন’ বলা হয়।