কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রথম আলো মুখোমুখি হয় দুই মেয়র প্রার্থীর। আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা ও বিএনপির মনিরুল হক। তাঁরা দুজনই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং কুমিল্লাকে আধুনিক, উন্নত ও নাগরিকসেবাবান্ধব নগর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও গাজীউল হক

প্রথম আলো: সিটি করপোরেশন নির্বাচনে আপনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। কিন্তু দল কি ঐক্যবদ্ধভাবে আপনার পক্ষে নেমেছে?
আঞ্জুম সুলতানা: ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মীরা কাজ করছেন। সবাই প্রচারে নেমেছেন। অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দলীয় সভানেত্রী প্রার্থী ঘোষণা দেওয়ার পর কেউ দ্বিমত করেননি, আগের মতো বিদ্রোহী প্রার্থী হননি। অর্থাৎ দলীয় নির্দেশমতোই সবাই কাজ করছেন। আমি বাহার চাচার (স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার) কাছে গিয়েছি, তাঁর সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিয়েছি।
প্রথম আলো: আপনার আগের পদের তুলনায় সিটি মেয়র তো অনেক বড় চ্যালেঞ্জ?
আঞ্জুম সুলতানা: আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। পৌরসভায় থাকা অবস্থায় আমি দুই বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছি। মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। আগামী দিনে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলার চেষ্টা করব।
প্রথম আলো: কাউন্সিলর হিসেবে কতটা সফল ছিলেন?
আঞ্জুম সুলতানা: কাউন্সিলর হিসেবে তো আমি সিটি করপোরেশনে বসার জায়গাই পাইনি। ওটি তখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। নগর ভবন বা মেয়রের অফিসে যাওয়ার পরিবেশই ছিল না। শুধু সিটি করপোরেশনের বৈঠকগুলোতে যেতাম।
প্রথম আলো: প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
আঞ্জুম সুলতানা: তিনি কী করেছেন জনগণ মূল্যায়ন করবেন। শহরের যানজট, জলাবদ্ধতা কিছুই কমেনি। মেয়র অফিসকে দলীয় কার্যালয় বানানো হয়েছিল।
প্রথম আলো: তাহলে আপনি নির্বাচিত হলে কি মেয়র অফিস আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত হবে?
আঞ্জুম সুলতানা: না, সেটি হলে ২০০৩ থেকে ২০০৫ সালে আমি যখন পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, তখনই হতো। পৌরসভাকে আমি আওয়ামী লীগের কার্যালয় করিনি। সবার জন্য কাজ করেছি। সবার জন্য দ্বার উন্মুক্ত করেছি।
প্রথম আলো: সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে আপনার অঙ্গীকার কী?
আঞ্জুম সুলতানা: কুমিল্লার প্রধান সমস্যা জলাবদ্ধতা, যানজট, ফুটপাত নেই। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করব। বিদায়ী মেয়র ড্রেন পরিষ্কার করতেন, ময়লা তুলতেন, কিন্তু সেই ময়লার পানিটা যাওয়ার ব্যবস্থা করেননি। নগরে স্বাস্থ্যসেবার মান বাড়াব; যাতে চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে না হয়। কর্মজীবী মেয়েদের জন্য বহুতল হোস্টেল করব। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। কুমিল্লাকে মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তির শহর বানাব। নগরবাসীর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেব।
প্রথম আলো: আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে আপনারা কতটা শক্তিশালী মনে করেন?
আঞ্জুম সুলতানা: আমার তাঁকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে না। যেখানেই যাচ্ছি, ভোটারদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি, মেয়র এটা করেননি, ওটা করেনটি। এই পাঁচ বছরে এলাকায় কেউ আসেননি। আমার কোনো ব্যবসা-বাণিজ্য নেই। নগরবাসীর সেবাই আমার ব্রত।
প্রথম আলো: কিন্তু আপনার দুই ভাই-ই হত্যা মামলার আসামি। এটাও তো ভোটকে প্রভাবিত করবে?
আঞ্জুম সুলতানা: কুমিল্লার মানুষ জানে এটি ছিল রাজনৈতিক মামলা। আমার ভাই ঘটনাস্থলেও ছিল না।
প্রথম আলো: জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী।
আঞ্জুম সুলতানা: আমি শতভাগ আশাবাদী। ২০১২ সালে নির্বাচনের পরিবেশ আর আজকের পরিবেশ এক নয়।