কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে জয়ী হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করছে বিএনপি ও জামায়াতের ভোটের ওপর। কারণ, জেলার বিভিন্ন উপজেলায় ওই দুটি দলের চার শতাধিক ভোটার (ইউপি চেয়ারম্যান ও সদস্য) আছেন। তাই শেষ মুহূর্তে অনেক সদস্য প্রার্থী ভোট কেনা শুরু করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী। তিনি সদ্য বিদায়ী কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ। অন্যজন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এ এইচ সালাহউদ্দিন মাহমুদ।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৩ জন ভোটার ভোট দেবেন। জেলা পরিষদের চেয়ারম্যানের ১টি, সাধারণ ওয়ার্ডের ১৫ ও সংরক্ষিত ওয়ার্ডের ৫টি পদের মধ্যে ভোট গ্রহণ হবে ১৭টি পদে। ইতিমধ্যে ৩টি সাধারণ সদস্য এবং ১টি সংরক্ষিত সদস্য ওয়ার্ডে ৪ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন নির্বাচন হবে চেয়ারম্যান, ১২টি সাধারণ সদস্য ও ৪টি সংরক্ষিত সদস্য পদে।
জানা গেছে, জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়নে বিএনপি এবং ৩টিতে জামায়াতের দলীয় প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে ২৪৭ জন জনপ্রতিনিধিসহ জেলার অন্যান্য ইউনিয়নে এই দুই দলের ভোটার আছে (চেয়ারম্যান ও সদস্য) চার শতাধিক। এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের দলীয় কোনো প্রার্থী না থাকায় ‘জয়লাভের’ জন্য এসব ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
পেকুয়া উপজেলা ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী তারেকুল ইসলাম ছিদ্দিকী অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের এক প্রার্থী ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন। টাকাও বিতরণ করছেন।
চকরিয়া ৭ নম্বর ওয়ার্ডে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য প্রার্থী অভিযোগ করেন, এই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী আছেন ৩ জন। এর মধ্যে ১ জন ২০ হাজার থেকে ৬০ হাজার টাকায় বিএনপি-জামায়াতের ভোট কিনছেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের দিন এ নিয়ে গোলযোগ হতে পারে।
কক্সবাজার শহরের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহেনা আকতার অভিযোগ করেন, শেষ মুহূর্তে কিছু প্রার্থী টাকা ছড়াছড়ি করছেন। টাকা দিয়ে ভোট কেনারও খবর পাচ্ছেন তিনি। এতে তিনি বিপাকে পড়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এ এইচ সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন না করলে মোস্তাক আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতেন। এখন সেই সুযোগ হাতছাড়া হলো। আমি প্রার্থী হয়ে ভোটারদের মর্যাদা বৃদ্ধি করেছি। তাঁদের মূল্যায়ন বেড়েছে।’
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী বলেন, গত কয়েক বছর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালীন তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। দলের ভোটাররা এর মূল্যায়ন অবশ্যই করবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য প্রার্থীর দাবি, জেলায় বিএনপি-জামায়াতের ভোটার বেশি। তাঁরা যেদিকে ঝুঁকবেন পাল্লা সেদিকেই ভারী হবে।
এ বিষয়ে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে। ভোট কেনার প্রমাণ কেউ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, জেলায় ১৫টি কেন্দ্রে ৫৪০ জন নির্বাচন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন প্রিসাইডিং কর্মকর্তা।