জয়-সাফাদি বৈঠক প্রমাণে বিবিসিকে মতিয়ার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অভিযোগ করেছেন, বিবিসির রেডিও সার্ভিস ‘বিবিসি বাংলা’ কোনো রকম যাচাই-বাছাই না করেই ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বৈঠকসংক্রান্ত সংবাদ প্রচার করেছে। এই সংবাদের সত্যতা প্রমাণ করতে বিবিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের সবার স্নেহের জয় তো চ্যালেঞ্জই দিয়েছে—কবে, কোথায়, কখন বৈঠক হয়েছে? সে তো বলছেই গত চার বছরে কোনো বিদেশির সঙ্গে বৈঠক করেনি। আমরা বিবিসিরে খুবই পছন্দ করি। মুক্তিযুদ্ধের সময় আর কিছু না হোক, ট্রানজিস্টরে বিবিসি শুনতাম। আর সেই বিবিসি কোনো রকম যাচাই-বাছাই ছাড়া এ ধরনের একটা খবর পরিবেশন করেছে। এটা কি বিবিসিরে মানায়? মানায় না।’
আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ পছন্দ করে না। এ জন্য তারা বারবার বাংলাদেশের মানুষের কাছে ধিক্কৃত হচ্ছে, কোণঠাসা হচ্ছে। তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না।’
খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হচ্ছে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ কাউকে মাইনাস করতে চায় না। খালেদা জিয়া নিজের কর্মকাণ্ডে এমনিতেই মাইনাস হয়ে গেছেন।’
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক সম্পাদক ফারুক খান, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।