ঝক্কি-ঝামেলা উপেক্ষা করে ছুটছে মানুষ
মো. কাশেম ঈদ উদ্যাপনের জন্য পাবনার বাড়িতে যাবেন। টিকিটের জন্য চট্টগ্রাম নগরের বিআরটিসি রোডের বিভিন্ন বাস কাউন্টারে হন্যে হয়ে ঘুরলেন তিনি। কিন্তু তাঁর সব চেষ্টাই ব্যর্থ। কোনোভাবেই টিকিট জোগাড় করতে পারেননি তিনি। হতাশ হলেও উদ্যম হারাননি কাশেম। পাবনায় সরাসরি যাওয়ার টিকিট না পাওয়া গেলে বিকল্প পন্থায় বাড়ি যাবেন তিনি।কাশেমের মতো বাড়ি যাওয়ার জন্য বাস ও ট্রেন স্টেশনে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ। নানা ঝক্কি-ঝামেলা উপেক্ষা করে নাড়ির টানে ছুটছেন তাঁরা। যাঁরা আগে টিকিট কেটেছেন তাঁরা ভাগ্যবান। কিন্তু যাঁরা টিকিট কাটতে পারেননি, তাঁরা পড়েছেন দুর্ভোগে।এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসের ভাড়া নির্ধারিত হার থেকে ২০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। শ্যামলী বাস সার্ভিসের বিআরটিসির কাউন্টারের কর্মকর্তা মো. রাশেদ বলেন, ‘ঈদের সময় ওদিক থেকে সব গাড়ি খালি আসবে। তাই মালিক সমিতি ভাড়া ২০০ টাকা করে বাড়তি নেওয়ার সিদ্ধান্ত নেয়।’জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাড়া ৭৫০ টাকার জায়গায় ৯৫০ টাকা, নীলফামারীর ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা, বগুড়ার ৬৫০ টাকার জায়গায় ৮৫০, রাজশাহীর ৭৫০ টাকার স্থলে ৯৫০ টাকা ও পাবনার ভাড়া ৬৫০ টাকার জায়গায় ৮৫০ টাকা করে নেওয়া হচ্ছে।মঙ্গলবার অসংখ্য মানুষ বাড়ির উদ্দেশে চট্টগ্রাম নগর ছেড়েছে। গতকাল বুধবার নগরের টার্মিনালগুলোতে ছিল মানুষের প্রচণ্ড ভিড়।ঘরমুখী মানুষের চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরে প্রতিদিন দুটি বিশেষ ট্রেনও চালু করেছে। এ ছাড়া চট্টগ্রাম-নোয়াখালী ট্রেনও চালু করা হয়েছে একটি।গতকাল বিকেলে ট্রেন স্টেশনে ছিল প্রচণ্ড ভিড় দেখা যায়। যাঁরা আগে টিকিট কেটেছেন, তাঁরা তো আছেনই, এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে দাঁড়িয়ে ভ্রমণের যাত্রীরাও। ট্রেন ছাড়ার আগে কাউন্টার ও প্লাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের।মো. সোলায়মান নামের এক যাত্রী বলেন, ‘যখন অগ্রিম টিকিট দিয়েছে, তখন পাইনি। তাই এখন পরিবার নিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে।’তবে চাঁদপুর কিংবা ঢাকার যাত্রীদের চেয়েও বেশি বিড়ম্বনায় পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এসব এলাকায় ট্রেন সার্ভিস না থাকায় বাসই একমাত্র অবলম্বন। কিন্তু এসব জেলায় বাসের সংখ্যা খুব কম।৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পাবনা, বগুড়া, রাজশাহী, যশোর, দিনাজপুর, নীলফামারীসহ দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট দেওয়া হয়। এ সময় ঈদের আগের দিনের পর্যন্ত টিকিট দেওয়া হয়।হানিফ, কেয়া, শ্যামলী বাস সার্ভিসের কাউন্টারে গিয়ে দেখা গেছে, কোনো টিকিট নেই। হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. শাহীন মিয়া বলেন, ‘এসব জেলায় প্রতিদিন একটি বা দুটি গাড়ি যায়। কিন্তু যাত্রীর চাপ খুব বেশি। অতিরিক্ত বাস দেওয়াও এখন সম্ভব নয়। তাই ওই সব জেলার টিকিট পাওয়া যাচ্ছে না। তবে ঢাকার টিকিট যথেষ্ট পরিমাণে আছে।’