ঝগড়া থামাতে গিয়ে অসুস্থ, পরে মৃত্যু
ফুটবল খেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ (৪৩) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় কামাল খান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। কামাল উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি পল্লি উন্নয়ন যুবক সমিতির ক্রীড়া সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদাবাড়ি স্পোর্টিং ক্লাব ফুটবল খেলার আয়োজন করে। খেলায় গল্লি পল্লি উন্নয়ন যুবক সমিতি ও বংশীনগর সূর্যতরুণ যুবসংঘ অংশ নেয়। এ সময় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন উপস্থিত ছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ওসি আবদুর রশিদ। খেলার শেষ দিকে অংশগ্রহণকারী দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ওসির নেতৃত্বে পুলিশ দুই পক্ষের লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি ঘটনাস্থলেই অসুস্থতা বোধ করে সাংসদের পাশের চেয়ারে বসেন। এ সময় অবস্থার অবনতি হলে এলাকাবাসী তাঁর মাথায় পানি ঢালেন। পরে সাংসদের পরামর্শে তাঁকে দ্রুত মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। বিকেলে সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের চিকিৎসক পীযূষ কান্তি শর্মা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট প্রদীপ কুমার রায় ও চিকিৎসক পবন কুমার সাহা জানান, ওসি রশিদের অসুস্থতার খবর পেয়ে আগে থেকেই তাঁকে চিকিৎসা দিতে পীযূষ কান্তি শর্মার নেতৃত্বে একটি চিকিৎসক দল প্রস্তুত ছিল। চিকিৎসার জন্য তাঁকে বিছানায় ওঠাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, গত ২০ অক্টোবর ওসি রশিদ থানায় যোগদান করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাকুটিয়া ইউনিয়নের কেদারপুর পেত্নীপাড়া গ্রামে।